সিরাজগঞ্জের কাজিপুরে জবাইকৃত ৮টি ঘোড়ার প্রায় ৪০০ কেজি মাংস গাজীপুরে বাজারজাতের সময় দু’জনকে আটক করেছে পুলিশ।
পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার যমুনা নদীর একটি চর এলাকা থেকে হাড়বিহীন ১১টি বস্তায় ভরা ৪০০ কেজি মাংস একটি পিকআপে করে গাজীপুরে নেওয়ার সময় মেঘাই ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন নীলফামারীর কিশোরগঞ্জ থানার নিতাই ডাংগাপাড়া গ্রামের আবজুল্লাহর ছেলে কাওছার আলী পলাশ (৩৫) ও জয়নাল আবেদিনের ছেলে শরিফুল ইসলাম (৪৫)।
অভিযান পরিচালনা করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪(১) ধারায় তাদের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। জব্দ করা মাংস মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২৬ ডিসেম্বর একই ধরনের অভিযানে ৭ বস্তা ঘোড়ার মাংস জব্দ করে দুইজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছিল।
এমআর//