৭৮৩ দিন ও ৬৭ ইনিংস পর টি-টোয়েন্টিতে বাবর আজমের অপেক্ষার অবসান ঘটলো। পাকিস্তান সুপার লীগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে এক ঐতিহাসিক সেঞ্চুরি হাঁকালেন পেশোয়ার জালমি অধিনায়ক। অপরাজিত এই ইনিংসের পথেই বিরাট কোহলি ও ক্রিস গেইলকে টপকে টি-টোয়েন্টি ক্রিকেটের নতুন এক চূড়ায় বসলেন বাবর। রোববার দলের বিশাল জয়ের দিন স্রেফ একটি বল ডট খেলে এক অনন্য রেকর্ডও গড়েন তিনি।

এদিন সীমিত ওভারের ক্রিকেটে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বাবর। তবে স্রেফ ৩৩৮ ইনিংসে এ মাইলফলক ছুঁয়ে তিনি ভাঙেন ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইলের দ্রুততম রেকর্ড। এই উচ্চতায় পৌঁছাতে গেইল নেন ৩৪৪ ইনিংস। এ তালিকার তিনে থাকা ভারতীয় মহাতারকা বিরাট কোহলির লেগেছিল ৩৬০ ইনিংস। অর্থাৎ, দ্রুততম হিসেবে এ রেকর্ডটি এখন বাবরের দখলে।

এদিন ৫২ বলে ১০০ রানের ইনিংসটি খেলার পথে একটি অনন্য রেকর্ডও গড়েন পাকিস্তানের এ তারকা ব্যাটার। অপরাজিত থাকার পথে বাবর পুরো ইনিংসে ডট বল খেলেন মাত্র একটি! চতুর্দশ ওভারের শেষ বলে আলজারি জোসেফের ঘন্টায় ১৪৬.৭ কিলোমিটার গতির বলটি ছেড়ে দেন তিনি। টি-টোয়েন্টি ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে ৫০-এর বেশি বল খেলে মাত্র একটি ডট বল দেয়ার এই অবিশ্বাস্য কীর্তি গড়েন তিনি। ৬ চার ও ৪ ছক্কায় অনবদ্য ইনিংসটি খেলেন বাবর। এ ডানহাতি ব্যাটারের সেঞ্চুরি আসে একেবারে অন্তিম মুহূর্তে, ইনিংসের শেষ বলে। স্রেফ ২ রান দূরে দাঁড়িয়ে থাকা বাবর আলজারি জোসেফের বলে দুটি সিঙ্গেল নিয়ে নিজের সেঞ্চুরি পূরণ করেন। এটি ছিল পিএসএলে তার তৃতীয় সেঞ্চুরি এবং টি-টোয়েন্টি সংস্করণে দ্বাদশ।

বাবরের সেঞ্চুরি আর কুশল মেন্ডিসের ৮৩ রানের ওপর ভর করে নির্ধারিত ওভারে ৩ উইকেটে ২৫৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় পেশোয়ার। এটি পিএসএল ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ দলীয় স্কোর। রান তাড়ায় স্রেফ ১৩৭ রানেই কোয়েটা গুটিয়ে গেলে ১১৮ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে পেশোয়ার।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews