জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. আলাউল হকসহ চার নেতা পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার তারা দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পদত্যাগপত্র পাঠান। পদত্যাগপত্রের অনুলিপি স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছেও পাঠানো হয়েছে।
পদত্যাগ করা অন্য নেতারা হলেন— জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাজমুল হুদা খান রুবেল, যুগ্ম আহ্বায়ক শেখ ওলিউল ইসলাম কাফি এবং যুগ্ম সদস্য সচিব সৈয়দ কিবরিয়া।
দুটি পৃথক পদত্যাগপত্রে তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে দলের সব পদ থেকে অব্যাহতি নেওয়ার কথা উল্লেখ করেছেন।
এ বিষয়ে মো. আলাউল হক বলেন, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে তিনি দলের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছিলেন না। এজন্যই তিনি পদত্যাগ করেছেন।
অন্যদিকে নাজমুল হুদা খান রুবেল বলেন, পরিবর্তনের প্রত্যাশা নিয়ে তারা এনসিপিতে যোগ দিয়েছিলেন। তবে পরবর্তীতে সেই প্রত্যাশার প্রতিফলন না পাওয়ায় তারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ৫ জুন আলাউল হককে প্রধান সমন্বয়কারী করে এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলা সমন্বয়ক কমিটি গঠন করা হয়। পরে তাকে আহ্বায়ক করে জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
বিডি-প্রতিদিন/সুজন