চলতি মাসের শেষ দিকে ভারতের আহমেদাবাদে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের(আইসিসি) পরবর্তী বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ(ডব্লিউটিসি)-কে ১২টি দলে সম্প্রসারণের বিষয়টি পুনর্বিবেচনা করা হবে আশা করা হচ্ছে।
এর সঙ্গে পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ম্যাচের টেস্ট ম্যাচগুলোকেও গণনার আওতায় আনার বিষয়টিও বিবেচনা করা হবে।
ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে আইসিসি বেশ কয়েকটি বেঠক অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রধান নির্বাহী কমিটি (সিইসি) এবং বোর্ড সভাও রয়েছে। এই সভাগুলো মূলত এই বছরের মার্চ-এপ্রিলে দোহায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, সিইসি-র বৈঠকটি ২১শে মে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। এরপর বোর্ড কর্মকর্তাদের অংশগ্রহণে সরাসরি বৈঠক ৩০ ও ৩১ মে আহমেদাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গত বছর নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান রজার টুসের নেতৃত্বে গঠিত ওয়ার্কিং গ্রুপটি ডব্লিউটিসি সম্প্রসারণের বিষয়ে বোর্ড প্রধানদের কাছে তাদের সুপারিশ পেশ করবে বলে আশা করা হচ্ছে। এর আগে নভেম্বরে বোর্ড নভায় একটি দুই-বিভাগের ডব্লিউটিসি মডেলের প্রস্তাব করেছিল, কিন্তু বেশ কয়েকটি পূর্ণ সদস্য দেশ তা প্রত্যাখ্যান করে দেয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওয়ার্কিং গ্রুপটি এখন একটি সম্প্রসারিত ১২-দলের ডব্লিউটিসি-র জন্য একটি সংশোধিত প্রস্তাব নিয়ে ফিরে আসবে, যেখানে জিম্বাবুয়ে, আফগানিস্তান এবং আয়ারল্যান্ড অন্তর্ভুক্ত থাকবে।
এছাড়াও দুই বছর চলা চ্যাম্পিয়নশিপ দুই বছরের চক্রে অর্জিত পয়েন্টের জন্য এককালীন টেস্ট ম্যাচগুলোকেও গণনার অনুমতি দেওয়ার বিষয়টিও আলোচনায় স্থান পাবে।
আলোচনার সঙ্গে জড়িত এক কর্মকর্তার মতে, তিনটি নতুন সদস্যসহ ছোট দেশগুলোকে আয়োজন করা যাতে বৃহত্তর পূর্ণ সদস্য দেশগুলোর জন্য আর্থিকভাবে আরও লাভজনক হয়, এটি তারই একটি প্রচেষ্টা।
বর্তমান কাঠামো অনুযায়ী, একটি ডব্লিউটিসি সিরিজে অবশ্যই কমপক্ষে দুটি টেস্ট ম্যাচ থাকতে হবে, যা কিছু বড় বোর্ড লোকসানজনক একটি উদ্যোগ হিসেবে বিবেচনা করা হয়। এদিকে সভায় অংশ নিতে এবং আইপিএলের ফাইনাল দেখতে পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভিকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।
বিডি প্রতিদিন/আরকে