স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যের প্রতিবাদ জানিয়ে রংপুরে জামায়াতের ১১ জন সংসদ সদস্য বলেছেন, রংপুরের মানুষ কোন রাজনৈতিক দলকে ভোট দেবেন, সেটি তাঁদের গণতান্ত্রিক অধিকার। উন্নয়নের সঙ্গে কোনো অঞ্চলের মানুষের রাজনৈতিক পছন্দকে শর্তযুক্ত করা যাবে না।
আজ মঙ্গলবার রাত আটটার দিকে রংপুর নগরের জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে সংসদ সদস্যরা এ কথা বলেন। এ সময় তাঁরা উন্নয়নের জন্য ক্ষমতাসীন দলকেই ভোট দিতে হবে—এমন ধারণা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী এবং একদলীয় শাসন কায়েমেরই নামান্তর বলে মন্তব্য করেন। একই সঙ্গে তাঁরা মির্জা ফখরুল ইসলামের কাছে এ ধরনের বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।