বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে আগামী ২৬ মার্চ থেকে মাঠে গড়াচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আসরকে সামনে রেখে দলগুলো ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে।

নতুন মৌসুম সামনে রেখে দলগুলো ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এই ব্যস্ততার মধ্যেই বড় একটি ঘোষণা দিয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি পিন্ডিজ। দলটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জাস্টিন কেম্প।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে পিন্ডিজ কর্তৃপক্ষ। সেখানে একটি অ্যানিমেটেড পোস্টারের মাধ্যমে নতুন কোচকে স্বাগত জানানো হয়। প্রথমবারের মতো এই লিগে নাম লেখানো দলটি তাদের প্রথম মৌসুমেই অভিজ্ঞ একজন কোচকে দায়িত্ব দিয়ে শক্ত বার্তা দিতে চায়।

ঘোষণার সময় পিন্ডিজ এক বার্তায় লিখেছে, দক্ষিণ আফ্রিকার একজন কিংবদন্তি আমাদের সঙ্গে যোগ দিলেন প্রধান কোচ হিসেবে। জাস্টিন কেম্প এসেছেন মানদণ্ড তৈরি করতে, দলের সংস্কৃতি গড়ে তুলতে এবং ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি বানাতে। পিন্ডিতে আপনাকে স্বাগতম।”

ক্রিকেটার হিসেবে জাস্টিন কেম্পের ক্যারিয়ার খুব দীর্ঘ না হলেও ছিল বেশ প্রভাবশালী। প্রায় ছয় বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তিনি। এই সময়ে দক্ষিণ আফ্রিকার হয়ে চারটি টেস্ট, পঁচাশি একদিনের ম্যাচ এবং আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে তার অলরাউন্ড পারফরম্যান্স অনেকবার দলকে জিতিয়েছে। ব্যাট হাতে ঝড় তোলা আর মিডিয়াম পেস বোলিং দিয়ে উইকেট নেওয়া, দুই কাজেই সমান পারদর্শী ছিলেন তিনি। সেই অভিজ্ঞতাই এখন কাজে লাগাতে চান কোচ হিসেবে।

শুধু প্রধান কোচ নয়, পিন্ডিজ তাদের কোচিং স্টাফেও এনেছে আরেক বড় নাম। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশ যোগ দিয়েছেন দলের বোলিং কোচ হিসেবে।

ক্রিকেট ইতিহাসে কোর্টনি ওয়ালশের নাম আলাদা মর্যাদায় লেখা থাকে। দীর্ঘ ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজের হয়ে একশ বত্রিশটি টেস্ট এবং দুই শত পাঁচটি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। বহু বছর পর্যন্ত টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের তালিকাতেও শীর্ষে ছিলেন।

অবসর নেওয়ার পর কোচিংয়েও বেশ সুনাম কুড়িয়েছেন এই ক্যারিবীয় তারকা। বাংলাদেশের জাতীয় পুরুষ দলের বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ নারী দলের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এছাড়া পিন্ডিজের মেন্টর ও প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক পাকিস্তানি তারকা ইনজামাম উল হককে।পুরো আসরে অংশ নেবে দেশের শীর্ষ সব ফ্র্যাঞ্চাইজি দল। পিন্ডিজ তাদের অভিযান শুরু করবে আটাশ মার্চ। সেদিন দিনের ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের বিপক্ষে মাঠে নামবে তারা। ম্যাচটি হবে ইমরান খান ক্রিকেট স্টেডিয়ামে।

দলটির স্কোয়াডেও রয়েছে বেশ কিছু পরিচিত নাম। অধিনায়ক হিসেবে থাকবেন পাকিস্তানের তারকা উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। তার সঙ্গে আছেন ইংল্যান্ডের স্যাম বিলিংস, নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল এবং পাকিস্তানের পেসার নাসিম শাহ।

দলে আরও আছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ও বিগ ব্যাশে নিজের বোলিং ও ব্যাটিং দিয়ে আলোচনায় এসেছেন তিনি। এই লিগেও তার পারফরম্যান্সের দিকে নজর থাকবে অনেকের।

সব মিলিয়ে নতুন মৌসুমে বেশ ভারসাম্যপূর্ণ দল গড়েছে পিন্ডিজ। অভিজ্ঞ কোচ, পরিচিত আন্তর্জাতিক ক্রিকেটার এবং তরুণ প্রতিভা মিলিয়ে তারা ভালো কিছু করতে চায়। নতুন দল হিসেবে শুরুটা ভালো করতে পারলে এই মৌসুমেই চমক দেখানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বিডি প্রতিদিন/কামাল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews