এক ম্যাচের টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে আগামী ২১ আগস্ট ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম (২০২৬-২৭) শুরু হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে হচ্ছে না এই ম্যাচ। ফিফার নিষেধাজ্ঞায় থাকায় এখনও খেলোয়াড় নিবন্ধন করতে পারেনি দেশের দুই শীর্ষ ক্লাব ঢাকা আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংস। ফলে আবাহনী ও বসুন্ধরার মধ্যকার চ্যালেঞ্জ কাপ ম্যাচটি নির্ধারিত সময়ে মাঠে গড়াচ্ছে না। ম্যাচটি না হলে চ্যালেঞ্জ কাপ ছাড়াই শুরু হবে নতুন মৌসুম। গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ঘরোয়া ফুটবলে নতুন সংযোজন চ্যালেঞ্জ কাপ। বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) চ্যাম্পিয়ন ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়নের মধ্যকার ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরুর উদ্দেশ্যেই এই এক দিনের টুর্নামেন্ট আয়োজন করা হয়। লিগ ও ফেডারেশন কাপে একই দল চ্যাম্পিয়ন হলে লিগ রানার্সআপ দল চ্যালেঞ্জ কাপে খেলার সুযোগ পায়। গত দুই মৌসুমে এই ম্যাচে মুখোমুখি হয়েছে বসুন্ধরা কিংস ও ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। দু’বারই চ্যাম্পিয়ন হয়েছে কিংস। এবার আবাহনীর খেলার সুযোগ হলেও শেষ পর্যন্ত তা আর হচ্ছে না।
আগামী ২৫ আগস্ট থেকে ফেডারেশন কাপ এবং ২৮ আগস্ট থেকে বিএফএল শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু আবাহনী ও কিংস এখনও ফুটবলার নিবন্ধন করতে পারেনি। ওয়ান্ডারার্স ও আরামবাগ অবশ্য সপ্তাহ দুয়েক আগে লিগে খেলার অনুমতি পেয়েছে। তারাও সময় বাড়ানোর দাবি জানিয়েছে। এরপরও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল নির্ধারিত সূচি অনুযায়ীই সব প্রতিযোগিতা শুরু করার আশাবাদ ব্যক্ত করেন। কাল তিনি বলেন, ‘২১ আগস্ট চ্যালেঞ্জ কাপ হচ্ছে না। আজ (গতকাল) ক্লাব লাইসেন্সিংয়ের শেষ দিন। আমরা আজ রাত পর্যন্ত অপেক্ষা করব। এরপর সিদ্ধান্ত নেব। ফেডারেশন কাপ ও লিগ ঘোষিত সূচি অনুযায়ী শুরুর ইচ্ছে রয়েছে আমাদের।’ তবে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত (কাল রাত ৯টা) বাফুফের সিদ্ধান্ত জানা যায়নি।
বাফুফে সভাপতির ফেডারেশন কাপ ও লিগ ঘোষিত সূচি অনুযায়ী শুরুর করার আশা থাকলেও বিপরীতে বাস্তবতা কিছুটা ভিন্ন। বসুন্ধরা কিংসের এখনও ১০টি ফিফা নিষেধাজ্ঞা রয়েছে। এ কারণে বাফুফে সভাপতির সঙ্গে ক্লাবগুলোর আলোচনা সভায় কিংসের প্রতিনিধি কোচ সৈয়দ গোলাম জিলানী আরও সাত কর্মদিবস সময় চেয়েছেন। এই সময়ের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে ক্লাবটি লাইসেন্সিংয়ের জন্য আবেদন করার যোগ্য হবে। এরপরই তারা ফুটবলার নিবন্ধনের সুযোগ পাবে।
ঘরোয়া ফুটবলের দলবদলের সময়সীমা আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত। আগস্টের শেষ সপ্তাহে ফেডারেশন কাপ ও লিগ শুরুর সূচি থাকায় ১৯ আগস্টের মধ্যে ফুটবলার নিবন্ধনের বাধ্যবাধকতা রয়েছে। এ কারণে অনেক ক্লাবই ৩ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে। ঐতিহ্যবাহী মোহামেডান অবশ্য ইতোমধ্যে ফুটবলার নিবন্ধন সম্পন্ন করেছে। তবে এখনও কোচ চূড়ান্ত করেনি ক্লাবটি। বিদেশি ফুটবলারও ঢাকায় আনেনি তারা। মোহামেডানের প্রতিনিধি মোস্তাকুর রহমান বাফুফের অবস্থান জেনে অন্য ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে নিজেদের অবস্থান জানাবেন বলে জানিয়েছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews