বৈষম্যবিরোধী আন্দোলন মামলার আসামি ও সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামানকে (৩৮) গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুলাই) সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার চৌরঙ্গী ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সন্ধ্যায় এ সংক্রান্ত তথ্য সাংবাদিকদের কাছে তুলে ধরেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গ্রেফতার হওয়া কামরুজ্জামান সোনারগাঁ উপজেলার মুসারচর এলাকার মৃত আব্দুল হাসিমের ছেলে। বর্তমানে তিনি ঢাকার ডেমরা এলাকার শান্তিবাগে বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, কামরুজ্জামানের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানায় দায়ের হওয়া বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত দুটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।