বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ গ্রুপ চ্যাটের জন্য ব্যবহার করেন হোয়াটস অ্যাপ। ব্যবহারকারীদের দীর্ঘদিনের চাহিদার পর অবশেষে প্ল্যাটফর্মটি চালু করেছে নতুন ‘গ্রুপ মেসেজ হিস্টরি’ ফিচার। এর মাধ্যমে নতুন গ্রুপ তৈরি করা বা নতুন সদস্য যোগ করার সময় আগের গুরুত্বপূর্ণ বার্তাগুলো সহজেই শেয়ার করা যাবে।

হোয়াটস অ্যাপ জানিয়েছে, অনেকেই চেয়েছিলেন যাতে নতুন সদস্যরা গ্রুপে যোগ দেওয়ার পর আগের আলোচনার গুরুত্বপূর্ণ অংশগুলো দেখতে পারেন। এই সুবিধা চালুর ফলে এখন নতুন সদস্যরা গ্রুপের সাম্প্রতিক কথোপকথনের সঙ্গে দ্রুত আপডেট থাকতে পারবেন।

কীভাবে কাজ করবে ফিচারটি

নতুন কোনো সদস্যকে গ্রুপে যুক্ত করার সময় হোয়াটস অ্যাপ একটি “ সেন্ড মেসেজ হিস্টরি” অপশন দেখাবে। এখান থেকে সর্বশেষ ২৫, ৫০, ৭৫ বা ১০০টি মেসেজ পাঠানোর অপশন বেছে নেওয়া যাবে। উল্লেখযোগ্য বিষয় হলো, এখানে দিন গণনা নয়—বরং সর্বোচ্চ ১০০টি চ্যাট বাবল পর্যন্ত শেয়ার করা যাবে।

বার্তা পাঠানো সম্পন্ন হলে, নতুন সদস্য একটি বিশেষ লেবেল দেখতে পাবেন, যেখানে উল্লেখ থাকবে নির্দিষ্ট তারিখ ও সময় থেকে মেসেজ হিস্ট্রি শেয়ার করা হয়েছে।

এই সুবিধা কেবল গ্রুপ অ্যাডমিন নয়, যে সদস্য নতুন কাউকে গ্রুপে যুক্ত করবেন, তিনিও ব্যবহার করতে পারবেন। স্বচ্ছতার জন্য যখনই মেসেজ হিস্ট্রি পাঠানো হবে, গ্রুপের সবাই নোটিফিকেশন পাবেন। সেখানে টাইমস্ট্যাম্প ও প্রেরকের তথ্য স্পষ্টভাবে দেখানো হবে এবং হিস্ট্রি মেসেজগুলো সাধারণ বার্তার থেকে আলাদাভাবে চিহ্নিত থাকবে।

হোয়াটস অ্যাপ আরও জানিয়েছে, সব বার্তাই আগের মতো এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকবে। অর্থাৎ, মেসেজ হিস্ট্রি শেয়ার হলেও নিরাপত্তা ও গোপনীয়তায় কোনো ছাড় দেওয়া হচ্ছে না।

ফিচারটি ধীরে ধীরে সবার জন্য চালু করা হচ্ছে। তাই শিগগিরই অ্যাপ আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা এটি পেতে পারেন।

ওয়েব ভার্সনে আসছে ভিডিও কলিং সাপোর্ট

এদিকে, হোয়াটস অ্যাপ দীর্ঘদিন ধরেই ওয়েব ভার্সনে ভিডিও কলিং সুবিধা আনার পরিকল্পনা করছে। নতুন তথ্য অনুযায়ী, ব্রাউজারভিত্তিক হোয়াটস অ্যাপ ওয়েব বেটা সংস্করণে এই ফিচারটি পরীক্ষামূলকভাবে দেখা গেছে। এটি ক্রোম, সাফারি ও ফায়াফক্স–এর মতো জনপ্রিয় ব্রাউজারে কাজ করবে বলে জানা গেছে।

এখন পর্যন্ত ভিডিও ও ভয়েস কলের জন্য ব্যবহারকারীদের উইন্ডোজ ও ম্যাকওএস–এর ডেস্কটপ অ্যাপের ওপর নির্ভর করতে হতো। তবে খুব শিগগিরই এই সীমাবদ্ধতা কাটতে পারে। দীর্ঘ প্রতীক্ষার পর ওয়েব ভার্সনেও ভিডিও কলিং চালু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এবার সত্যিই হোয়াটস অ্যাপ ওয়েব প্ল্যাটফর্মে পূর্ণাঙ্গ কলিং সুবিধা আনতে কাছাকাছি পৌঁছে গেছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews