কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তা খাতে একযোগে বড় ঘোষণা দিয়েছে ওপেনএআই ও মাইক্রোসফট। ওপেনএআই তাদের নতুন এআই মডেল জিপিটি ৫.৫ উন্মোচনের পাশাপাশি মাইক্রোসফটের সঙ্গে সাইবার নিরাপত্তা সহযোগিতা আরও গভীর করার কথা জানিয়েছে।
ঘোষণা অনুযায়ী, ওপেনএআই তাদের সবচেয়ে উচ্চ সাইবার ক্ষমতাসম্পন্ন এআই মডেলগুলো মাইক্রোসফটের চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিস (CISO) এর দপ্তরকে ব্যবহারের সুযোগ দেবে। বিনিময়ে মাইক্রোসফট তাদের পূর্ণ সাইবার নিরাপত্তা টিম দিয়ে ওপেনএআইয়ের মডেল, অবকাঠামো এবং উভয় প্রতিষ্ঠানের গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করবে।
এই উদ্যোগটি ওপেনএআইয়ের Trusted Access for Cyber কর্মসূচির আওতায় এসেছে। এটি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে চালু হয় এবং সাইবার নিরাপত্তা গ্র্যান্ট হিসেবে এক কোটি ডলারের এপিআই সহায়তা ঘোষণা করা হয়। এটি মাইক্রোসফটের Secure Future Initiative এর সঙ্গে যুক্ত হয়ে ‘AI native defense’ ধারণাকে সামনে নিয়ে যাচ্ছে।
এরই অংশ হিসেবে ওপেনএআই তাদের সাইবার উপযোগী মডেলের ব্যবহার সম্প্রসারণ করেছে। সম্প্রতি জিপিটি ৫.৪ সাইবার মডেল চালু করা হয়, যা বাইনারি রিভার্স ইঞ্জিনিয়ারিংসহ প্রতিরক্ষামূলক সাইবার কাজে বিশেষভাবে প্রশিক্ষিত। ক্রাউডস্ট্রাইক, সিসকো, গোল্ডম্যান স্যাকস ও ব্যাংক অব আমেরিকার মতো বড় প্রতিষ্ঠান এটির প্রাথমিক ব্যবহারকারী।
এদিকে সদ্য উন্মোচিত জিপিটি ৫.৫ (কোডনেম ‘Spud’) ওপেনএআইয়ের প্রথম সম্পূর্ণ পুনঃপ্রশিক্ষিত বেস মডেল। এটি চ্যাটজিপিটি ও কোডেক্সে প্লাস থেকে এন্টারপ্রাইজ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হলেও এপিআই অ্যাকসেস আপাতত স্থগিত রাখা হয়েছে নিরাপত্তাজনিত কারণে। ওপেনএআই জানায়, মডেলটি উচ্চ সাইবার ঝুঁকি শ্রেণিতে থাকলেও তা গুরুতর সীমা অতিক্রম করেনি। সহ প্রতিষ্ঠাতা গ্রেগ ব্রকম্যান বলেন, এই মডেলের বিশেষ শক্তি হলো—কম নির্দেশনাতেই জটিল কাজ সম্পাদনের ক্ষমতা।
বিডিপ্রতিদিন/কেকে