দীর্ঘ অপেক্ষা, নীতিগত বিতর্ক এবং একাধিকবার ফল প্রকাশের তারিখ পরিবর্তনের পর অবশেষে আজ রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে। এ উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে একটি প্রেস ব্রিফিং করবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আনুষ্ঠানিক ঘোষণার পরপরই ফলাফল অনলাইনে প্রকাশ করা হবে। পাশাপাশি এসএমএসের মাধ্যমেও শিক্ষার্থীরা নিজেদের ফল জানতে পারবেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, টেলিটক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল কিংবা বাংলালিংক যেকোনো মোবাইল অপারেটর থেকে মেসেজ অপশনে গিয়ে DPE লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় শিক্ষার্থীর নাম ও ফলাফল জানিয়ে দেওয়া হবে। উদাহরণস্বরূপ, রোল নম্বর ১২৩৪৫৬ হলে লিখতে হবে ‘ডিপিই ১২৩৪৫৬’।

এছাড়া বিস্তারিত ফলাফল ও মার্কশিট দেখতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপিইএমআইএস (IPEMIS) পোর্টালে প্রবেশ করতে হবে। সেখানে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ অপশন নির্বাচন করে রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য প্রদান করে ফলাফল দেখা যাবে।

এর আগে গত বৃহস্পতিবার ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তা স্থগিত করা হয়। এর আগে কয়েক দফা সম্ভাব্য সময়সূচি ঘোষণা করা হলেও নানা কারণে প্রতিবারই ফল প্রকাশ পিছিয়ে যায়।

প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু থেকেই নীতিমালা সংক্রান্ত জটিলতা, পরীক্ষা আয়োজনের বিলম্ব এবং ফল প্রকাশে অনিশ্চয়তার কারণে আলোচনায় ছিল। এর মধ্যে আনুষ্ঠানিক প্রকাশের আগেই ঢাকা বিভাগের নয়টি জেলার ফল অনলাইনে চলে আসার ঘটনায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তদন্ত কার্যক্রমও শুরু হয়েছে।

প্রাথমিকভাবে মে মাসের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও পরে ঈদুল ফিতরের আগে, ঈদের পরে এবং জুন মাসের মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়। সর্বশেষ ৯ জুলাই ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হলেও আগাম ফল উন্মুক্ত হওয়ার ঘটনার কারণে তা আবারও স্থগিত হয়। সব জটিলতা কাটিয়ে আজ আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হচ্ছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews