নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নয়ন মিয়া (৩০) হত্যা মামলার প্রধান আসামি মো. কামাল হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বুধবার (৮ এপ্রিল) রাতে পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোস্তফা কামাল রাসেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে ফতুল্লা থানাধীন ঢাকা-নারায়ণগঞ্জ (ডিএনডি) সড়ক এলাকা থেকে মো. কামাল হোসেনকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
পিবিআই জানায়, ২০২১ সালের ৩১ ডিসেম্বর রাতে সোনারগাঁ উপজেলার মারবদী এলাকার নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন নয়ন মিয়া। পরদিন সকালে সাজাদের কান্দি এলাকায় একটি জমির পাশে রাস্তার ঢাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা আলম বেপারী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত সূত্রে জানা যায়, ২০২১ সালে সনমান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় মেম্বার প্রার্থী দেলোয়ার হোসেনের সমর্থকদের সঙ্গে নয়ন মিয়ার বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়।
পিবিআইয়ের তদন্তে আরও জানা যায়, ঘটনার রাতে কান্দাপাড়া-মারবদী সড়কে অতর্কিত হামলা চালিয়ে ১৪-১৫ জন মিলে নয়ন মিয়াকে মারধর করে। পরে তার হাত-পা চেপে ধরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় এবং একপর্যায়ে গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর মরদেহ গুমের উদ্দেশে একটি ডোবায় ফেলে রাখা হয়।
গ্রেফতারকৃত কামাল হোসেন জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পিবিআই।
পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোস্তফা কামাল রাসেদ জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম