নিরাপত্তা ত্রুটি প্রকাশ করায় এক স্বাধীন গবেষককে আইনি ব্যবস্থার হুমকি দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে বৈশ্বিক প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। এই ঘটনাকে কেন্দ্র করে প্রযুক্তি বিশ্বে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
সম্প্রতি ‘নাইটমেয়ার ইক্লিপস’ নামে পরিচিত একজন স্বাধীন সাইবার নিরাপত্তা গবেষক মাইক্রোসফটের বেশ কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটির তথ্য জনসমক্ষে প্রকাশ করেন। একই সঙ্গে তিনি দেখান, কীভাবে এসব ত্রুটি কাজে লাগিয়ে কম্পিউটারের সুরক্ষা ব্যবস্থা ও তথ্য সুরক্ষার মতো সংবেদনশীল জায়গায় বড় ধরনের ক্ষতি করা সম্ভব।
তবে মাইক্রোসফটের পক্ষ থেকে এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, ওই গবেষক ত্রুটিগুলো আগে থেকে মাইক্রোসফটকে জানাননি। ফলে সেগুলো ঠিক করার কোনো সুযোগ পাওয়ার আগেই বিস্তারিত তথ্য প্রকাশ করে দেওয়া হয়েছে, যা সাইবার অপরাধীদের জন্য বড় ধরনের সুযোগ তৈরি করতে পারে। এই ঘটনায় মাইক্রোসফটের ডিজিটাল অপরাধ দমন বিভাগ আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেওয়ার কথাও জানিয়েছে।
এদিকে, গবেষক নাইটমেয়ার ইক্লিপস মাইক্রোসফটের এই দাবি পুরোপুরি অস্বীকার করেছেন। তার বক্তব্য অনুযায়ী, তিনি প্রথমে মাইক্রোসফটের সঙ্গেই যোগাযোগের চেষ্টা করেছিলেন। কিন্তু প্রতিষ্ঠানটি তাকে কোনো ধরনের সহযোগিতা তো করেইনি, উল্টো নিরাপত্তা ত্রুটি জানানোর জন্য ব্যবহৃত তার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়। বাধ্য হয়েই তিনি জনসমক্ষে এই ত্রুটিগুলো প্রকাশ করেন, যার পরপরই তার অন্য সব অনলাইন অ্যাকাউন্টও বন্ধ হয়ে যায়।
এই ঘটনাকে কেন্দ্র করে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের একটি বড় অংশ মাইক্রোসফটের এমন কঠোর অবস্থানের তীব্র সমালোচনা করছেন। তাদের মতে, বহুজাতিক প্রতিষ্ঠানের এমন আচরণ স্বাধীন গবেষকদের নিরুৎসাহিত করবে। নিরাপত্তা বিশেষজ্ঞ ক্যাটি মোজোরিস সতর্ক করে বলেছেন, আইনি ব্যবস্থার ইঙ্গিত গবেষকদের মধ্যে এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি করতে পারে, যার ফলে ভবিষ্যতে অনেকেই গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটির কথা জানাতে আগ্রহ হারিয়ে ফেলবেন। অন্য এক গবেষক কেভিন বিউমন্টও এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ত্রুটির কার্যকারিতা দেখানোর জন্য পরীক্ষামূলক তথ্য প্রকাশকে অপরাধ হিসেবে গণ্য করা অত্যন্ত উদ্বেগজনক।
প্রযুক্তি খাতে নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করে তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জানানো এবং ত্রুটি সংশোধনে সহায়তা করা একটি দীর্ঘদিনের প্রতিষ্ঠিত চর্চা। তবে এই ত্রুটি প্রকাশের সঠিক নিয়ম এবং গবেষকদের দায়িত্বের পরিধি নিয়ে বিতর্ক আরও একবার সামনে নিয়ে এলো মাইক্রোসফট ও নাইটমেয়ার ইক্লিপসের এই সাম্প্রতিক বিরোধ।
বিডি প্রতিদিন/এনএইচ