দক্ষিণ সুদানের রাজধানীর দক্ষিণ-পশ্চিমে সোমবার একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জন আরোহীর সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বার্তাসংস্থা এপি’র প্রতিবেদনে সোমবার (২৭ এপ্রিল) জানানো হয়েছে, দুর্ঘটনায় পতিত বিমানটি একটি সেসনা মডেলের ছিল। এতে ১৩ জন যাত্রী ও পাইলটসহ সবাই প্রাণ হারান।
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, প্রতিকূল আবহাওয়া এবং দৃষ্টিসীমা কমে যাওয়ায় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। নিহতদের মধ্যে দুজন কেনিয়ার নাগরিক এবং বাকিরা দক্ষিণ সুদানের বলে জানা গেছে।
রাজধানী জুবা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে দুর্ঘটনাস্থলটি। সেখানে উদ্ধার ও তথ্য সংগ্রহে একটি দল পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দুর্ঘটনাস্থলে বিমানটির ধ্বংসাবশেষে আগুন জ্বলতে দেখা গেছে। এলাকাটি কুয়াশাচ্ছন্ন ও দুর্গম পাহাড়ি হিসেবে দেখা যায় ভিডিওতে। সূত্র: বিবিসি, রয়টার্স
বিডি প্রতিদিন/এএম