টাঙ্গাইলের মধুপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় জয় (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কাকরাইদ এলাকার তেঁতুলতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জয় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় হঠাৎ এক বৃদ্ধ ব্যক্তি রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। তাকে এড়াতে গিয়ে জয় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়েন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

নিহত জয় মধুপুর সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি মধুপুর পৌর শহরের সরকারি কলেজ এলাকায় তার আপন চাচা যোগেশ্বরের সঙ্গে ভাড়া থেকে পড়াশোনা করতেন। তার গ্রামের বাড়ি বগুড়া জেলায়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews