বলিউডে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দৌরাত্ম্য যেন থামছেই না। নব্বইয়ের দশকের দাউদ ইব্রাহিম অধ্যায়ের মতোই মুম্বাইয়ের সেলেব পাড়ায় এখন বিরাজ করছে চরম আতঙ্ক। এই পরিস্থিতির মধ্যেই শনিবার পরিচালক রোহিত শেঠি ও অভিনেতা রণবীর সিংয়ের ম্যানেজারের জবানবন্দি রেকর্ড করেছে মুম্বাই পুলিশ। একই সঙ্গে পরিচালক রোহিত শেঠির বাড়িতে হামলা চালানো চার অভিযুক্তকে নিয়ে অপরাধের দৃশ্য পুনর্নির্মাণ (রিকনস্ট্রাকশন) করেছে পুলিশ।

মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ শনিবার রোহিত ও রণবীরের ম্যানেজারের জবানবন্দি গ্রহণ করেছে। সম্প্রতি এক অডিও বার্তায় হুমকি দেওয়া হয়েছিল, দাবি না মানলে তারকাদের ম্যানেজার বা কর্মীদের হত্যা করা হবে। সেই হুমকির সূত্র ধরেই তাদের জবানবন্দি নেওয়া হয়।


পাশাপাশি পুলিশ গ্রেপ্তারকৃত চার অভিযুক্ত- স্বপ্নিল সাকাত, আদিত্য গায়কি, সিদ্ধার্থ ইয়েপুর এবং সমর্থ পোমাজিকে নিয়ে ঘটনাস্থলে যায়। তদন্তে জানা গেছে, অভিযুক্তরা পুনে থেকে স্কুটার কিনে সড়কপথে মুম্বাই আসে। এরপর ভিলে পার্লে স্টেশনের বাইরে স্কুটার পার্ক করে তারা রোহিত শেঠির বাড়িতে হামলা চালায়। আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপনের জন্য এই পুরো পুনর্নির্মাণ প্রক্রিয়াটির ভিডিও রেকর্ড করা হয়েছে।

এদিকে সম্প্রতি ‘হ্যারি বক্সার’ পরিচয় দিয়ে একটি হাড়হিম করা অডিও ক্লিপের মাধ্যমে রোহিত ও রণবীরকে হুমকি দেওয়া হয়। অডিওতে বলা হয়, সময়মতো লাইনে না এলে এমন অবস্থা করা হবে যা তোর পরবর্তী সাত প্রজন্ম মনে রাখবে। আরও বলা হয়, তারকাদের ওপর সরাসরি হামলা না করে তাদের ঘনিষ্ঠ কর্মী ও ম্যানেজারদের টার্গেট করা হবে। পুলিশি তদন্তে উঠে এসেছে, এই হ্যারি বক্সারের আসল নাম হরি চাঁদ। সে বিদেশে অবস্থান করে ভিপিএন ব্যবহার করে বিষ্ণোই গ্যাংয়ের হয়ে এসব আতঙ্ক ছড়াচ্ছে।

গত কয়েক দিনে মুম্বাইয়ে গ্যাংস্টার আতঙ্কে চাঞ্চল্যকর কিছু ঘটনা ঘটেছে। পরিচালক রোহিত শেঠির বাড়ির বারান্দা লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি চালানো হয়, যার দায় স্বীকার করে বিষ্ণোই গ্যাং। এছাড়াও অভিনেতা রণবীর সিংয়ের কাছে ১০ কোটি ভারতীয় রুপি চাঁদা দাবি করা হয়েছে। মূলত, সালমান খান ও কপিল শর্মার পর এবার রোহিত-রণবীরকে টার্গেট করায় পুরো টিনসেল টাউনের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews