আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল(আইসিসি) ড. রস রিভাজকে তিন বছরের জন্য স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে। যা আরও তিন বছরের জন্য বাড়ানো পরিকল্পনা করছে সংস্থাটি।
ড. রিভাজ বর্তমানে অ্যাংলিয়ান ওয়াটার এবং ইউকে কোম্পানিজ হাউসের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একই সঙ্গে অ্যাপেরাম এসএ ও ভিকট্রেক্স পিএলসি-তে স্বতন্ত্র পরিচালক পদেও রয়েছেন।
আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, ড. রিভাজ তার কর্মজীবনজুড়ে একজন সক্রিয় ও নিবেদিত বোর্ড সদস্য হিসেবে সরকারি, বাণিজ্যিক এবং সামাজিক বিভিন্ন ক্ষেত্রে সরেজমিনে পরিদর্শন ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেছেন। সুশাসন, করপোরেট কৌশল এবং পরিচালনার কার্যকারিতা সম্পর্কে তার গভীর জ্ঞানের পাশাপাশি বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির প্রতি তার অঙ্গীকার আইসিসি বোর্ডের জন্য একটি শক্তিশালী সংযোজন করে তুলেছে।
আইসিসি চেয়ারম্যান জয় শাহ এই নিয়োগকে স্বাগত জানিয়ে বলেছেন, ড. রিভাজের আন্তর্জাতিক নেতৃত্বের অভিজ্ঞতা এবং সুশাসনের দক্ষতা মূল্যবান হবে। বিশ্বজুড়ে ক্রিকেট সম্প্রসারণে তার পরিধি প্রসারিত করছে এবং মাঠের ভেতরে ও বাইরে নতুন সুযোগ অন্বেষণ করছে। তার কৌশলগত অন্তর্দৃষ্টি, স্বাধীন দৃষ্টিভঙ্গি এবং শক্তিশালী সুশাসনের প্রতি অঙ্গীকার অমূল্য হবে। আমরা খেলাটির ভিত্তি আরও মজবুত করতে এবং বিশ্বজুড়ে এর দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি চালনা করার কাজ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে তার পরামর্শ ও অবদান থেকে উপকৃত হওয়ার জন্য উন্মুখ হয়ে আছি।
প্রাতিষ্ঠানিক ভূমিকার পাশাপাশি ডক্টর রিভাজ সামাজিক ও শিক্ষামূলক উদ্যোগেও সক্রিয়ভাবে জড়িত। তিনি তরুণীদের স্টেম শিক্ষা গ্রহণে উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচিতে সমর্থন জুগিয়েছেন এবং পাশাপাশি বিভিন্ন দাতব্য ও স্থানীয় সামাজিক প্রকল্পেও অবদান রেখেছেন।
নিয়োগের প্রতিক্রিয়ায় ডক্টর রিভাজ বলেন, খেলাটির জন্য এমন একটি উত্তেজনাপূর্ণ পর্যায়ে আইসিসি বোর্ডে যোগ দেওয়াটা একটি বিশেষ সৌভাগ্য। আমি খেলাটির ধারাবাহিক অগ্রগতিতে সহায়তা করার জন্য আইসিসি চেয়ারম্যান, বোর্ডের অন্যান্য সদস্য এবং বৃহত্তর ক্রিকেট পরিবারের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি। শক্তিশালী সুশাসন, দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত গ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গিই হবে মূল চাবিকাঠি। যা বিশ্বজুড়ে ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুযোগ তৈরি করে সমৃদ্ধি লাভ করতে থাকবে।
বিডি প্রতিদিন/আরকে