ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে ঋণের নামে অর্থ আত্মসাৎ অভিযোগে প্রশান্ত কুমার হালদার (পিকে হালদার)সহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২ মার্চ) দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো: তানজির আহমেদ এ তথ্য জানান।
অনুমোদনপত্রে বলা হয়, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।
চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন- রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদার, মুন এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর শঙ্খ ব্যাপারি, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের পরিচালক মো: নুরুল আলম, নাসিম আনোয়ার, মো: নুরুজ্জামান, মোহাম্মদ আবুল হাসেম, এম এ হাশেম, জহিরুল আলম, মো: নওশেরুল ইসলাম, বাসুদেব ব্যানার্জি এবং পাপিয়া ব্যানার্জী।
এছাড়া সাবেক ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক, সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবেদ হাসান, ভাইস প্রেসিডেন্ট নাহিদা রুনাই, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আল মামুন সোহাগ, সিনিয়র ম্যানেজার রাফসান রিয়াদ চৌধুরী, কোম্পানি সেক্রেটারি রফিকুল ইসলাম খান এবং ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার মর্জিনা বেগমের বিরুদ্ধেও চার্জশিট দাখিল করা হয়েছে।
দুদক জানায়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও জাল-জালিয়াতির মাধ্যমে প্রতিষ্ঠানের বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ ও পাচার করেছেন। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।
সূত্র : বাসস