বরিশাল সংস্কৃতি কেন্দ্র আয়োজিত স্মরণসভায় বক্তারা বলেছেন, কবি মতিউর রহমান মল্লিক বাংলাদেশের কোটি মানুষের আইডল। তার লেখা গান এখনো দেশ ও প্রবাসের কোটি মানুষকে বিশ্বাসী চেতনায় উজ্জীবিত ও অনুপ্রাণিত করে।
বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় বরিশাল সংস্কৃতি কেন্দ্র মিলনায়তনে কবি মল্লিক স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরিশাল সংস্কৃতি কেন্দ্রের সহ-সভাপতি মো: আবদুল হাই।
বক্তারা বলেন, কবি মতিউর রহমান মল্লিক তার রেখে যাওয়া বিশাল সাহিত্যসম্ভার ও গানের মধ্য দিয়ে চিরদিন পাঠকের হৃদয়ে বেঁচে থাকবেন।
বরিশাল সংস্কৃতিকেন্দ্রের সহকারী পরিচালক সাঈদ মাহফুজের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন দেশীয় সাংস্কৃতিক সংসদের বরিশাল অঞ্চল পরিচালক আযাদ আলাউদ্দীন, বরিশাল সাংস্কৃতিক সংসদের সভাপতি মোহাম্মদ আবদুল মান্নান, বরিশাল সংস্কৃতি কেন্দ্রের প্রশিক্ষণ সম্পাদক ও সাইমুম শিল্পীগোষ্ঠীর সংগীত বিভাগের সাবেক পরিচালক আহমদ আল আমিন এবং হেরাররশ্মি শিল্পীগোষ্ঠীর পরিচালক নোমান বিন ইউসুফ।
অনুষ্ঠানে কবি মতিউর রহমান মল্লিকের লেখা ‘আমাদের নিয়তে দাও খুলুসিয়াত প্রভু হে’ গানটি পরিবেশন করেন শিল্পীরা।
আলোচনা সভা শেষে কবি মতিউর রহমান মল্লিকের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।