কিশোরগঞ্জের কটিয়াদীতে জাকির হোসেন (২৮) নামের এক প্রবাস ফেরত যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) রাতে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের মাগুরা ভিটা গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
শনিবার রাতে নিহতের চাচা রুবেল মিয়া, চাচি আবেদা খাতুন ও চাচাতো বোন সুমি আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়। রোববার বিকালে তাদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।
রোববার বিকালে নিহতের মা জরিনা খাতুন বাদী হয়ে কটিয়াদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
জাকির হোসেন মুমুরদিয়া ইউনিয়নের মাগুরা ভিটা গ্রামের শিবলু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত থেকে ৬ মাস আগে প্রবাস জীবন শেষ করে দেশে ফিরে এসেছিলেন।
নিহতের পরিবারের লোকজন জানান, জাকির হোসেন শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে মাগুরা ভিটা বিলে টর্চলাইটের আলোয় পলু দিয়ে মাছ শিকার করতে বের হয়েছিলেন। বাড়ি থেকে বের হওয়ার ঘণ্টা দেড়েক পর রাস্তার পাশে বুকে ছুরিবিদ্ধ অবস্থায় তাকে পাওয়া যায়।
পথচারীরা রাস্তার পাশে জাকির হোসেনের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। তার বুকের মধ্যে একটি ছুরিবিদ্ধ অবস্থায় ছিল। তাদের ডাক-চিৎকারে পরিবারের লোকজন ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
জাকিরের ভগিনীপতি আব্দুল মান্নান জানান, জাকির হোসেন পরিবারের একমাত্র ছেলে, তার ৫ জন বোন রয়েছে। জাকির বিবাহিত, তবে তাদের কোনো সন্তান নেই। দীর্ঘদিন ধরে জাকির হোসেন ও তার পিতার সঙ্গে চাচাদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। আমাদের ধারণা তারাই এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। তদন্তের মাধ্যমে দ্রুত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবি করছি।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম কিবরিয়া জানান, বুকে ছুরিবিদ্ধ জাকির হোসেন নামে এক যুবককে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর তাকে জীবিত পাওয়া যায়নি।
কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, বুকে ছুরিবিদ্ধ একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। নিহতের মা জরিনা খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় রুবেল মিয়া, আবেদা আক্তার ও সুমি আক্তার নামে তিনজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।