সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সেই ‘বন্ধ দরজা’ অবশেষে খোলা হয়েছে। দীর্ঘদিন ধরে ‘দরজা বন্ধ’ করে অফিস করার, সচিত্র সংবাদ সম্প্রতি প্রকাশিত হয় দেশের শীর্ষ দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিন’-এ।

এ নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। নেটিজেনরা নির্বাচন অফিসের নানা অনিয়ম-দুর্নীতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন।এরপরই টনক নড়ে কর্তৃপক্ষের। পরদিন থেকেই সংশ্লিষ্ট কর্মকর্তার কক্ষের দরজা খোলে সেবা কার্যক্রম স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

উপজেলা নির্বাচন অফিস নিয়ে সেবা প্রত্যাশীদের অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে কর্মকর্তার কক্ষের সামনের দরজা বন্ধ রেখে (ভেতর থেকে আটকে) অফিস করা হতো। ফলে সাধারণ মানুষ সরাসরি কর্মকর্তাকে পেতেন না।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অফিসের সাবেক কর্মকর্তা মো. গোলাম সারওয়ারের সময় থেকেই এ ‘দরজা বন্ধ’ সংস্কৃতি চালু হয়। অভিযোগ রয়েছে, তিনি কক্ষের সামনের দরজা বন্ধ রেখে সেবা গ্রহণকারীদের পাশের কক্ষে পাঠাতেন। সেখানে নানা অজুহাতে ঘুস আদায়ের ঘটনাও ঘটত। নাম ও বয়স সংশোধন কিংবা নতুন ভোটার নিবন্ধনের মতো মৌলিক সেবাও অনেক সময় অর্থের বিনিময়ে সম্পন্ন করা হতো বলে অভিযোগ ওঠে। 

এ নিয়ে স্থানীয় আইনশৃঙ্খলা কমিটির সভা এবং তৎকালীন জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের বিশ্বনাথের মতবিনিময় সভাতেও আলোচনা করা হয়। তবে সংশ্লিষ্ট কর্মকর্তা বদলি হয়ে গেলেও ‘বন্ধ দরজা’ সংস্কৃতি থেকে যায়। বর্তমান উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামানও একইভাবে দরজা বন্ধ রেখে অফিস করছেন, এমন অভিযোগ ওঠে। সরেজমিনেও তার সত্যতা পাওয়া যায়।

দরজা খোলা প্রসঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি শফিক আহমদ পিয়ার বলেন, ‘আমরা চাই না নির্বাচন অফিস আগের মতো ঘুস-দুর্নীতির আখড়া হোক। স্বচ্ছতা-জবাবদিহিতা ও নির্বিঘ্ন সেবাই আমাদের প্রত্যাশা।’

দরজা খুলে অফিস কার্যক্রম শুরুর বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘আগে কী হয়েছে তা আমার জানা নেই। এখন নিয়মিত দরজা খোলা রেখেই অফিস করছি। আমি বিশ্বনাথবাসীর আস্থা ফিরিয়ে আনতে কাজ করছি। অফিসে সেবার বিনিময়ে টাকা নেওয়া কিংবা কোনো অনিয়মের সুযোগ নেই।’



বিডি-প্রতিদিন/এমই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews