বিপদে পড়ে এবার ট্রাম্পের সমর্থন চাচ্ছেন ইনফান্তিনো!

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে বিতর্ক যেন কিছুতেই থামছেই না। বিশ্বকাপের স্বত্ব বিক্রির পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর এবার তাকে নিয়ে নতুন দাবি তুলেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট। প্রতিবেদনে বলা হয়েছে, ক্রমবর্ধমান সমালোচনার মুখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পাওয়ার চেষ্টা করেছিলেন ইনফান্তিনো। যদিও এ বিষয়ে ফিফা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

সোমবার প্রকাশিত প্রতিবেদনে, বিষয়টির সঙ্গে পরিচিত একাধিক সূত্রের বরাত দিয়ে বলা হয়, গত শুক্রবার বিতর্কিত পরিকল্পনাটি ভেস্তে যাওয়ার পর থেকে ইনফান্তিনো একাধিকবার ফোনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু সফল হননি। প্রতিবেদনে আরও বলা হয়, নেতিবাচক সংবাদমাধ্যমের চাপে ফিফা প্রধান নিজেকে বিচ্ছিন্ন মনে করছিলেন। এ বিষয়ে ফিফা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার বাণিজ্যিক সম্পদ আলাদা একটি প্রতিষ্ঠানের অধীনে এনে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর থেকেই ইনফান্তিনোর সমালোচনা বাড়তে থাকে।

ফিফার পরিকল্পনা ছিল নতুন একটি প্রতিষ্ঠানের প্রায় ২০ শতাংশ মালিকানা বিক্রি করে ৪২০ কোটি মার্কিন ডলার পর্যন্ত বিনিয়োগ সংগ্রহ করা। এই প্রতিষ্ঠানের অধীনে বিশ্বকাপসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতার বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হওয়ার কথা ছিল। তবে বিভিন্ন অংশীজনের তীব্র বিরোধিতার মুখে শুক্রবার সেই পরিকল্পনা থেকে সরে আসে ফিফা। এই ব্যর্থতার পর এখন ২০২৭-২০৩১ মেয়াদের জন্য ইনফান্তিনোর সভাপতি পদে পুনর্নির্বাচনের সম্ভাবনাও নতুন করে প্রশ্নের মুখে পড়েছে।

ডোনাল্ড ট্রাম্প ও জিয়ান্নি ইনফান্তিনোর মধ্যে দীর্ঘদিন ধরেই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে চলতি বছরের বিশ্বকাপসহ একাধিক বড় ফুটবল আয়োজনে তাদের একসঙ্গে দেখা গেছে।

পূর্বকোণ/রাকিব/পারভেজ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews