আগামী অর্থবছরের বাজেটে সিগারেটের ওপর নতুন করে শুল্ক-কর বাড়বে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, ‘সিগারেটের ওপর ৮৩ শতাংশের বেশি শুল্ক-কর যাওয়ার উপায় নেই। তবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের দাম দেখে হয়তো দাম পুনর্নির্ধারণ করা যায়। কারণ, এত কম দামে আমাদের আশপাশের কোনো দেশে সিগারেট পাওয়া যায় না।’
আজ সোমবার আগারগাঁওয়ের রাজস্ব ভবনে তামাক খাতের সাতটি সংগঠনের সঙ্গে এনবিআরের প্রাক্-বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় ব্যবসায়ীদের বিভিন্ন দাবি পূরণের আশ্বাস দিয়ে এ কথা বলেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।