কাঁধের গুরুতর ইনজুরির কারণে ফুটবল থেকে অবসরের ঘোষনা দিয়েছেন লিস্টার সিটির সাবেক গোলরক্ষক কাসপার স্মাইকেল।

৩৯ বছর বয়সী এই ড্যানিশ সাবেক তারকা গোলরক্ষক পিটার শিমিচেলের ছেলে। ফেব্রুয়ারিতে স্টুটগার্টের বিরুদ্ধে ইউরোপা লিগের ম্যাচে সেল্টিকের হয়ে খেলতে গিয়ে তিনি ইনজুরিতে পড়েন। পরের মাসে তার কাঁধে অস্ত্রোপচার করা হলেও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি।

ড্যানিশ টেলিভিশন চ্যানেল টিভি২’তে স্মাইকেল বলেন, ‘জুনে সেল্টিকের সাথে আমার চুক্তি শেষ হয়ে যাচ্ছে।

তখনই আমি পেশাদার ফুটবল ক্যারিয়ার শেষ করতে যাচ্ছি। বেশ কয়েকজন বিশেষজ্ঞ সার্জনের সাথে পরামর্শ করেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। তারা আমাকে জানিয়েছেন আমার আর ফুটবলে ফেরা সম্ভব নয়। এভাবে আমি ক্যারিয়ার শেষ করতে চাইনি। কিন্তু দিনের শেষে বলতেই হয়, সবকিছুরই শেষ আছে।’

বর্ণাঢ্য ক্যারিয়ারে স্মাইকেল ডেনমার্কের হয়ে ১২০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ড্যানিশ খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় তিনি চতুর্থ স্থানে রয়েছেন। বাবা ছেলের তুলনায় ৯টি ম্যাচ বেশী খেলেছে।

ম্যানচেস্টার সিটির একাডেমি থেকে উঠে আসা স্মাইকেল ক্যারিয়ারের বেশীরভাগ সময়ই কাটিয়েছেন লিস্টারে।

২০১৬ সালে লিস্টারের প্রিমিয়ার লিগ জয়ী দলে তিনি ছিলেন অবিচ্ছেদ্য অংশ। পাঁচ বছর পর লিস্টারকে এফএ কাপের শিরোপা উপহার দিয়েছিলেন। ফ্রেঞ্চ ক্লাব নিসে সংক্ষিপ্ত সময় কাটিয়ে তিনি স্কটল্যান্ডে পাড়ি জমান। সেল্টিকের হয়ে পরপর দুই মৌসুম লিগ শিরোপা জয় করেছেন।

সূত্র: বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews