টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপের সেরা একাদশে চ্যাম্পিয়ন ভারতের সর্বোচ্চ চারজন ক্রিকেটারের জায়গা হয়েছে। একাদশে সুযোগ হয়নি রানার্স-আপ নিউজিল্যান্ডের কোনো খেলোয়াড়ের।

ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা থেকে দ্বিতীয় সর্বোচ্চ দু’জন করে খেলোয়াড় একাদশে আছেন। একজন করে খেলোয়াড় সুযোগ পেয়েছেন পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের। বিশ্বকাপের সেরা একাদশের অধিনায়ক নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম।

ব্যাটিং অর্ডার অনুযায়ী ওপেনার হিসেবে আছেন পাকিস্তানের শাহিবজাদা ফারহান ও ভারতের সঞ্জু স্যামসন। ৭ ইনিংসে ২টি সেঞ্চুরিতে টুর্নামেন্টে সর্বোচ্চ ৩৮৩ রান করেছেন ফারহান। ৫ ইনিংসে তৃতীয় সর্বোচ্চ ৩২১ রান করে টুর্নামেন্ট সেরা হন স্যামসন।

তিন নম্বরে রাখা হয়েছে ভারতের ইশান কিশানকে। ৯ ইনিংসে ৩১৭ রান করেছেন তিনি। স্যামসন ও কিশান ৩টি করে হাফ-সেঞ্চুরি করেন।

মিডল অর্ডারে মার্করামের সাথে আছেন ভারতের হার্দিক পান্ডিয়া ও ইংল্যান্ডের উইল জ্যাকস। মার্করাম ৮ ইনিংসে ২৮৬ রান, পেস বোলিং অলরাউন্ডার পান্ডিয়া ৯ ম্যাচে ২১৭ রান ও ৯ উইকেট শিকার করেছেন। স্পিন অলরাউন্ডার জ্যাকসও ব্যাট-বল হাতে দারুণ ছন্দে ছিলেন। ৮ ম্যাচে ২২৬ রান ও ৯ উইকেট নেন তিনি।

পান্ডিয়ার সাথে পেস বোলিং অলরাউন্ডার আছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারও। ৭ ম্যাচে ১৪১ রান ও ১০ উইকেট শিকার করেন তিনি।

স্পেশালিস্ট স্পিনার হিসেবে আছেন ইংল্যান্ডের আদিল রশিদ। ৮ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন তিনি।

পেস আক্রমণে রাখা হয়েছে ভারতের জসপ্রিত বুমরাহ, দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডি ও জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিকে। বুমরাহ ৮ ম্যাচে ১৪, এনগিডি ৭ ম্যাচে ১২ ও মুজারাবানি ৬ ম্যাচে ১৩ উইকেট শিকার করেন।

দ্বাদশ ব্যক্তি যুক্তরাষ্ট্রের শ্যাডলি ভ্যান শ্যালউইক। মাত্র ৪ ম্যাচে ১৩ উইকেট নেন তিনি।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ : শাহিবজাদা ফারহান, সঞ্জু স্যামসন, ইশান কিশান, আইডেন মার্করাম, হার্দিক পান্ডিয়া, উইল জ্যাকস, জেসন হোল্ডার, জাসপ্রিত বুমরাহ, লুঙ্গি এনগিডি, আদিল রশিদ, ব্লেসিং মুজারাবানি।

দ্বাদশ খেলোয়াড় : শ্যাডলি ভ্যান শ্যালউইক।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews