ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধির পর বাসভাড়া সমন্বয় নিয়ে বৈঠকে বসেছিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও পরিবহন মালিকরা। তবে প্রায় দুই ঘণ্টা ৪০ মিনিটের আলোচনার পরও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। আপ্যায়নের মধ্য দিয়েই বৈঠকের সমাপ্তি ঘটে।

রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বনানীতে বিআরটিএর সদর দপ্তরে বৈঠক শুরু হয়ে রাত ১০টার দিকে শেষ হয়। সিদ্ধান্তহীন অবস্থায় বৈঠক মুলতবি রাখা হয়।

তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দূরপাল্লা ও মহানগর—উভয় ক্ষেত্রেই প্রতি কিলোমিটারে ২২ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে নীতিগত ঐকমত্য হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার সকালে নেয়া হতে পারে। বিআরটিএ সুপারিশ প্রণয়ন করে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠাবে, এরপর মন্ত্রণালয়ের অনুমোদনের ভিত্তিতে প্রজ্ঞাপন জারি হবে।

বৈঠকে পরিবহন মালিকরা তাদের প্রস্তাবে জানান, একটি দূরপাল্লার বাস বছরে গড়ে ১ লাখ ৬ হাজার ৫০০ কিলোমিটার চলাচল করে। এতে প্রতি কিলোমিটারে পরিচালন ব্যয় দাঁড়ায় প্রায় ৭৫ টাকা ৭৫ পয়সা, যার মধ্যে জ্বালানি খরচই ৩৭ টাকা ১০ পয়সা। অন্যান্য আনুষঙ্গিক ব্যয়সহ এবং গড়ে ৩৫ জন যাত্রী ধরে প্রতি কিলোমিটারে ভাড়া দাঁড়ায় ২ টাকা ৩৪ পয়সা। মহানগরীতে গড়ে ৪০ জন যাত্রী ধরে এ হার হয় ২ টাকা ৪৯ পয়সা।

সর্বশেষ আলোচনায় দূরপাল্লার বর্তমান ২ টাকা ১২ পয়সার সাথে ২২ পয়সা যোগ করে ২ টাকা ৩৪ পয়সা এবং মহানগরে ২ টাকা ৪৫ পয়সার সাথে ২২ পয়সা যোগ করে ২ টাকা ৬৭ পয়সা নির্ধারণের প্রস্তাব উঠে আসে।

বৈঠক সূত্রে জানা গেছে, ভাড়া ২২ পয়সা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ একমত হলেও বৈঠকের কার্যবিবরণীতে কেউ স্বাক্ষর না করায় সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। সোমবার সকালে বিআরটিএ মন্ত্রণালয়ে সুপারিশ পাঠাবে। সবকিছু অনুকূলে থাকলে মহানগর ও দূরপাল্লা উভয় ক্ষেত্রেই ভাড়া বাড়তে পারে।

বিআরটিএ চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর বলেন, “কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সকালে সুপারিশ পাঠানো হবে, এরপর মন্ত্রণালয় যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবে। প্রজ্ঞাপন সোমবারই জারি হতে পারে।”



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews