ফিফা বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে অসংখ্য কিংবদন্তি ফুটবলার নিজেদের ছাপ রেখে গেছেন। কিন্তু গোল করার ধারাবাহিকতায় কিলিয়ান এমবাপ্পে গড়েছেন এক অনন্য রেকর্ড। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা দুই আসরে অন্তত ৮টি করে গোল করার কীর্তি এখন ফ্রান্সের এই তারকা ফরোয়ার্ডের একার।
বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত অন্তত একটি ম্যাচ খেলেছেন ৭ হাজার ২৯৫ জন ফুটবলার। অথচ তাদের মধ্যে মাত্র ৯ জন একটি আসরে ৮ বা তার বেশি গোল করতে পেরেছেন। অর্থাৎ, বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়দের মাত্র শূন্য দশমিক ১২ শতাংশ এই মাইলফলক স্পর্শ করতে সক্ষম হয়েছেন। পরিসংখ্যান অনুযায়ী, গড়ে প্রতি ৮১১ জন খেলোয়াড়ের মধ্যে মাত্র একজন এই কৃতিত্ব অর্জন করেন।
সেই বিরল কীর্তিকেই নতুন উচ্চতায় নিয়ে গেছেন এমবাপ্পে। ২০২২ কাতার বিশ্বকাপে ৮ গোল করে তিনি জিতেছিলেন গোল্ডেন বুট। চার বছর পর ২০২৬ বিশ্বকাপেও ইতোমধ্যে ৮ গোল পূর্ণ করেছেন তিনি। ফলে বিশ্বকাপ ইতিহাসে পরপর দুই আসরে অন্তত ৮টি করে গোল করা প্রথম ফুটবলার হিসেবে নতুন অধ্যায় রচনা করেছেন এই ফরাসি তারকা।
অল্প সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারেই বিশ্বকাপের সেরা গোলদাতাদের কাতারে নিজের অবস্থান আরও দৃঢ় করেছেন এমবাপ্পে। বিশেষ করে নকআউট পর্ব ও বড় ম্যাচে ধারাবাহিকভাবে গোল করার দক্ষতা তাকে আধুনিক ফুটবলের অন্যতম সেরা পারফর্মার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
বিশ্বকাপের মতো সর্বোচ্চ প্রতিযোগিতায় একটি আসরেই ৮ গোল করা যেখানে বিরল অর্জন, সেখানে টানা দুই বিশ্বকাপে একই কীর্তি গড়ে এমবাপ্পে এমন এক রেকর্ডের মালিক হয়েছেন, যা বিশ্ব ফুটবলের ইতিহাসে দীর্ঘদিন বিশেষ মর্যাদার সঙ্গে স্মরণ করা হবে।