চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই জানিয়েছে, তাদের দুটি সবচেয়ে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল একটি নিয়ন্ত্রিত পরীক্ষা থেকে বেরিয়ে গিয়ে অন্য একটি এআই প্রতিষ্ঠানে হ্যাকিং চালিয়েছে।

মঙ্গলবার ওপেনএআই জানায়, নিজেদের মডেলের সাইবার সক্ষমতা যাচাইয়ের উদ্দেশ্যে একটি অভ্যন্তরীণ পরীক্ষা চলাকালীন এই ‘নজিরবিহীন সাইবার ঘটনা’ ঘটে। এর বদলে এই এআই মডেল দ্বারা পরিচালিত একটি স্বায়ত্তশাসিত এজেন্ট পরীক্ষার পরিবেশ থেকে বেরিয়ে উন্মুক্ত ইন্টারনেটে পৌঁছে যায়। এই মডেলগুলো ছিল সদ্য প্রকাশিত জিপিটি ৫.৬ সল এবং এখনো প্রকাশ না হওয়া ‘আরও বেশি সক্ষম’ একটি মডেল। কোম্পানিটি জানায়, এরপর চুরি করা লগইন তথ্য ব্যবহার করে এবং আগে অজানা থাকা একটি নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করে হাগিং ফেসের সার্ভারে প্রবেশ করে এই এজেন্ট।

ওপেনএআইয়ের দাবি, পরীক্ষার লক্ষ্য পূরণে সহায়ক তথ্য সংগ্রহ করতে এই হ্যাকিংয়ে এজেন্টটি ‘চরম পর্যায়ে’ চেষ্টা চালিয়েছিল।

হাগিং ফেসের সহপ্রতিষ্ঠাতা ক্লেমঁ দেলাঁগ বলেন, তাদের সন্দেহ ছিল একটি শীর্ষস্থানীয় এআই ল্যাবই এই হামলার পেছনে রয়েছে। তবে তার বিশ্বাস, ওপেনএআইয়ের পক্ষ থেকে এতে কোনো দুরভিসন্ধি ছিল না।

তিনি লেখেন, ‘এই পুরো ঘটনাটা যেভাবে নিজে নিজেই ঘটেছে, তা সত্যিই বিস্ময়কর!’ তিনি আরও যোগ করেন, এটি ‘এই ধরনের প্রথম ঘটনা হতে পারে’।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের টেক্সাসের ডেমোক্র্যাটিক সদস্য গ্রেগ কাসার এই ঘটনাকে ‘উদ্বেগজনক’ বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, ‘এআই অত্যন্ত দ্রুত গতিতে বিকশিত হচ্ছে, অথচ আমাদের নিরাপত্তা নিশ্চিত করার মতো কোনো প্রকৃত নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই।’ তিনি বাধ্যতামূলক স্বাধীন নিরাপত্তা পরীক্ষা, নিরাপত্তা সংক্রান্ত ঘটনা বাধ্যতামূলকভাবে প্রকাশ করা এবং আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানান।

সবচেয়ে উন্নত এআই ব্যবস্থাগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করার আগে তাদের জাতীয় নিরাপত্তা ঝুঁকি যাচাইয়ের একটি কাঠামো তৈরি করে সম্প্রতি তাতে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার কয়েক সপ্তাহ পরই এই তথ্য প্রকাশ পেল।

এআই-চালিত সাইবার হামলা এবং মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া মডেল নিয়ে বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে আসছেন। গত মাসে এআই নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক শিল্প খাতকে তাদের সবচেয়ে শক্তিশালী ব্যবস্থাগুলোর উন্নয়ন সাময়িকভাবে স্থগিত রাখার আহ্বান জানিয়েছিল।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews