নগদ পুরস্কার দেওয়ার কথা ছিল, অথচ গ্রাহকদের অ্যাকাউন্টে ঢুকে গেল হাজার হাজার বিটকয়েন। দক্ষিণ কোরিয়ার শীর্ষ ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বিথাম্ব ভুলবশত প্রায় ৪৪ বিলিয়ন ডলার মূল্যের বিটকয়েন বিতরণ করে বসেছে। খবর রয়টার্স।

শনিবার এক বিবৃতিতে বিথাম্ব জানায়, একটি প্রমোশনাল ক্যাম্পেইনের অংশ হিসেবে এই অনিচ্ছাকৃত বিতরণ ঘটে। এতে এক্সচেঞ্জটিতে হঠাৎ বড় ধরনের বিক্রির চাপ তৈরি হয়।

প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, শুক্রবারের ঘটনায় প্রায় ৬ লাখ ২০ হাজার বিটকয়েন ভুলভাবে গ্রাহকদের অ্যাকাউন্টে জমা হয়ে যায়। বর্তমান বাজারদরে এসব বিটকয়েনের মূল্য প্রায় ৪৪ বিলিয়ন ডলার। তবে দ্রুত ব্যবস্থা নিয়ে ৩৫ মিনিটের মধ্যে সংশ্লিষ্ট ৬৯৫ জন গ্রাহকের ট্রেডিং ও উত্তোলন সাময়িকভাবে বন্ধ করা হয়। বিথাম্ব দাবি করেছে, মোট বিতরণকৃত বিটকয়েনের ৯৯ দশমিক ৭ শতাংশ ইতোমধ্যে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বিথাম্বের পরিকল্পনা ছিল প্রতিটি ব্যবহারকারীকে ন্যূনতম ২ হাজার কোরিয়ান উন, প্রায় ১ দশমিক ৪০ ডলার নগদ পুরস্কার দেওয়ার। কিন্তু সিস্টেমজনিত ত্রুটির কারণে নির্বাচিত গ্রাহকরা প্রত্যেকে অন্তত ২ হাজার বিটকয়েন পেয়ে যান।

এক বিবৃতিতে বিথাম্ব জানায়, এই ঘটনা কোনো ধরনের হ্যাকিং বা নিরাপত্তা লঙ্ঘনের সঙ্গে জড়িত নয়। সিস্টেম নিরাপত্তা কিংবা গ্রাহকের সম্পদ ব্যবস্থাপনায় কোনো সমস্যা হয়নি বলেও দাবি করেছে তারা।

তবে দেশটির আর্থিক নিয়ন্ত্রক সংস্থাগুলো বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে। ফিন্যান্সিয়াল সার্ভিসেস কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এক যৌথ বিবৃতিতে জানায়, এ ঘটনা ভার্চুয়াল অ্যাসেট খাতের ঝুঁকি ও দুর্বলতা তুলে ধরেছে। জরুরি বৈঠকের পর তারা জানায়, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, সম্পদ ধারণ ও পরিচালনায় অনিয়ম মিললে বিথাম্বসহ অন্যান্য ক্রিপ্টো এক্সচেঞ্জে সরেজমিন পরিদর্শন চালানো হবে।

ঘটনার প্রভাবে শুক্রবার সন্ধ্যায় বিথাম্বে বিটকয়েনের দাম সাময়িকভাবে ১৭ শতাংশ কমে ৮ কোটি ১১ লাখ কোরিয়ান উনে নেমে আসে। পরে দাম ঘুরে দাঁড়িয়ে সর্বশেষ প্রায় ১০ কোটি ৪৫ লাখ কোরিয়ান উনের কাছাকাছি লেনদেন হয়েছে।

দক্ষিণ কোরিয়ার ক্রিপ্টো বাজারে বিথাম্ব বর্তমানে আপবিটের পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

সূত্র: রয়টার্স

বিডি প্রতিদিন/আশিক



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews