ওই মামলায় ২ আগস্ট হাইকোর্ট থেকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পান হাফিজুর রহমান। জামিন আদেশের পর ৪ আগস্ট সন্ধ্যায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি। হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আজ লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) করে। আবেদনটি আজ আদালতের সম্পূরক কার্যতালিকায় ওঠে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সন্ধ্যা ছয়টার দিকে চেম্বার আদালতের বিশেষ অনুমতি নিয়ে আবেদনটি মুভ (পরিচালনা) করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
পরে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল প্রথম আলোকে বলেন, তনু হত্যা মামলার আসামিকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। ২৪ ঘণ্টার মধ্যে হাফিজুর রহমানকে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে আত্মসমর্পণ করতে ব্যর্থ হলে তাঁকে গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। চেম্বার আদালত আগামী রোববার পরবর্তী আদেশের জন্য দিন রেখেছেন।