পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে আনন্দে ভাসছে বাংলাদেশ দল। সেই আনন্দ আরো বাড়িয়ে দিলো আইসিসি। টাইগারদের সুখবর দিলো বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

সাদা পোশাকে ‘রঙিন’ মুহূর্ত আরো রঙিন করেছে আইসিসি র‍্যাঙ্কিং। টাইগাররা উঠে এসেছে নিজেদের ইতিহাসের সেরা অবস্থানে। দুই ধাপ এগিয়ে বাংলাদেশ এখন সাত নম্বরে।

৬৭ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে থেকে পাকিস্তানের বিপক্ষে সিরিজটি শুরু করেছিল বাংলাদেশ। মিরপুর ও সিলেট টেস্টে দাপুটে জয়ের পর রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৮।

সাদা পোশাকে এই প্রথম টেস্ট র‌্যাঙ্কিংয়ে আট নম্বরের ওপরে উঠতে পারল তারা। অন্যদিকে সিলেটে পরাজয়ের পর ছয় নম্বর থেকে পাকিস্তান নেমে গেছে আটে। যা দলটার জন্য বড় ধাক্কা।

টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ প্রথম আট নম্বরে উঠেছিল ২০১৮ সালের মে মাসে আইসিসির বার্ষিক হালনাগাদের পর। এরপর থেকে আট-নয়-দশ নম্বরেই ছিল ঘোরাফেরা।

সেই শেকল ভেঙে এবার ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। উঠে গেল নিজেদের সর্বকালের সেরা অবস্থানে। আশা করা যায়, এই ধারাবাহিকতা ধরে রেখে একদিন আরো উপরে উঠবে টাইগাররা

এদিকে এই সিরিজ জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও উন্নতি হয়েছে। বাংলাদেশ আছে এখন পাঁচ নম্বরে। এখানেও এতটা উচ্চতায় আগে কখনো উঠতে পারেনি।

চার ম্যাচ খেলে বাংলাদেশের পয়েন্ট এখন ২৮, পয়েন্টের শতকরা হার ৫৮.৩৩। যেখানে বাংলাদেশের নিচে ভারত, ইংল্যান্ডের মতো বড় দল।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews