সিলেট ও বগুড়ার সড়ক দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবারের (৭ আগস্ট) এসব দুর্ঘটনায় ১৬ জন নিহত হওয়ার ঘটনায় জামায়াতের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। সেই সঙ্গে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
গোলাম পরওয়ার উল্লেখ করেন, শুক্রবার সকালে বগুড়া-নওগাঁ মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে কাজের সন্ধানে অপেক্ষারত শ্রমজীবী মানুষের ওপর উঠে যাওয়ার ঘটনায় সাতজন এবং ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপনে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জনের প্রাণহানির ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। প্রতিনিয়ত সড়কে এ ধরনের মর্মান্তিক প্রাণহানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
অনিয়ন্ত্রিত গতি, সড়কের বেহাল দশা ও কার্যকর তদারকির অভাবে একের পর এক দুর্ঘটনা ঘটছে জানিয়ে জামায়াতের এ নেতা বলেন, প্রতি বছর এসব দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন হাজার হাজার বনি আদম। এতে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অনেক পরিবার নিস্ব হয়ে পড়ছে।
‘এই হতাহতের ঘটনায় আমি গভীর শোক ও বেদনা প্রকাশ করছি। নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি। তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। একই সঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে খাস দোয়া কামনা করছি,’ যোগ করেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, ‘অবিলম্বে দুটি দুর্ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানসহ আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানাচ্ছি।’