২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ফ্রান্সপ্রবাসী সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, গবেষক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও কমিউনিটি নেতারা।

মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে পন্থায় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফ্রাঙ্কো বাংলা আয়োজিত ‘জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনের চেতনা বাস্তবায়নে গণতন্ত্র, মানবাধিকার, জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রাঙ্কো বাংলার সভাপতি শহিদুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক ও কলামিস্ট তানভীর আহমদ তোহা। তিনি ২০২৪ সালের জুলাই আন্দোলনের পটভূমি, ঘটনাপ্রবাহ ও তাৎপর্য তুলে ধরে রাষ্ট্র সংস্কার এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ইউরো বার্তার সম্পাদক মুহাম্মদ নূরুল ইসলাম ও সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন।

বৈঠকে বক্তব্য দেন নাগরিক পরিষদ ফ্রান্সের সভাপতি আবুল খায়ের লস্কর, মনোয়ার পাটওয়ারী, কমিউনিটি ব্যক্তিত্ব কাজী হাবিব, বাংলা টেলিগ্রামের সম্পাদক শাহ সুহেল আহমদ, সিনিয়র সাংবাদিক হাবীবুল্লাহ ফাহাদ, অনুক্ত সংবাদের সম্পাদক অনুক্ত কামরুল, অ্যাক্টিভিস্ট খালেদ মাহমুদ, বিসিএফ সভাপতি এমডি নূর, এটিএন বাংলার ফ্রান্স প্রতিনিধি রাবেয়া আক্তার সুবর্ণা, বাংলা ভিশনের প্রতিনিধি ইয়াসির আরাফাত খোকন, মহাকাশ গবেষক একরামুল কবির সালমান, এনটিভির ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম মামুন, ডিবিসি নিউজের ইকবাল জাফর শাহ, সাইফুল ইসলাম, আদাফের পরিচালক ওয়াদুদ তানভীর, সাংবাদিক আবু তাহের রাজু এবং ফিদার পরিচালক সায়েম জামিল।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগের মর্যাদা রক্ষা এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের বাইরে থেকেও প্রবাসী বাংলাদেশিরা গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার দাবিতে ইতিবাচক ভূমিকা রাখবেন বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

গোলটেবিল বৈঠকে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষার্থী, গবেষক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews