উদ্ভাবনশীল ডিজিটাল দুনিয়ায় কৌশল, গল্প বলা, প্রযুক্তি আর তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণের বিষয়গুলো নিয়ে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট। শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে এ সামিট অনুষ্ঠিত হয়। ‘রিথিংকিং ডিজিটাল স্ট্র্যাটেজি, স্টোরি অ্যান্ড সায়েন্স’ প্রতিপাদ্যে আয়োজিত এবারের সামিটের আলোচনায় উঠে আসে কৃত্রিম বুদ্ধিমত্তা, বদলে যাওয়া ভোক্তা প্রত্যাশা, সৃজনশীলতা ও প্রযুক্তির ক্রমবর্ধমান সম্মিলনের মতো বিষয়।
দ্রুত বদলে যাওয়া এই বাস্তবতায় প্রতিষ্ঠানগুলো কীভাবে পথ চলবে, সেই প্রশ্নই ছিল আলোচনার কেন্দ্রে। এই সামিটে অংশ নেন দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপন ও বিপণন পেশাজীবী, ব্যবসায়িক নেতৃবৃন্দ, প্রযুক্তিবিদ, যোগাযোগ বিশেষজ্ঞ এবং শিল্পসংশ্লিষ্ট প্রতিনিধিরা।
দিনব্যাপী বক্তা ও প্যানেলিস্টরা তুলে ধরেন কীভাবে ব্র্যান্ডগুলো নিজেদের প্রাসঙ্গিক রেখে ভোক্তার সঙ্গে আরও দৃঢ় সম্পর্ক গড়তে পারে। এবারের সামিটে ছিল ৩টি কিনোট সেশন, ৩টি প্যানেল ডিসকাশন, ৩টি ইনসাইট সেশন, ২টি কেস স্টাডি এবং ১টি এক্সপার্ট ডিপ ডাইভ।
উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী সম্পাদক সাজিদ মাহবুব বলেন, ডিজিটাল এখন আর কেবল একটি চ্যানেল বা ফাংশন নয়। এটি এখন সেই ভিত্তি, যার ওপর দাঁড়িয়ে প্রতিষ্ঠান গড়ে তোলে প্রাসঙ্গিকতা, আস্থা ও প্রবৃদ্ধি। প্রযুক্তি যখন বাজার আর ভোক্তা আচরণকে নতুন করে সাজাচ্ছে, তখন প্রতিযোগিতায় টিকে থাকতে প্রতিষ্ঠানগুলোকে কৌশলগত স্পষ্টতা, সৃজনশীল উৎকর্ষ আর তথ্যনির্ভর প্রজ্ঞাকে একসঙ্গে কাজে লাগাতে হবে।
বিডিপ্রতিদিন/কেকে