রাজধানী ঢাকা ও দেশের আটটি অঞ্চলে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
শুক্রবার (৫ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার (৫ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার রাতে প্রকাশিত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু–এক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
একইসাথে রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, রাঙামাটি ও লক্ষ্মীপুর জেলাসহ রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে দেশের কিছু স্থানে এ তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, অন্য এলাকায় তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাতের তাপমাত্রাও সারাদেশে প্রায় একই থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করতে পারে।