ইংলিশ এফএ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যান সিটি, আর্সেনাল ও চেলসি। পঞ্চম রাউন্ডের ম্যাচে শুরুতে গোল হজম করেও নিউক্যাসলকে ৩-১ গোলে হারিয়েছে ম্যান সিটি। ম্যান্সফিল্ড টাউনের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে আর্সেনাল। আরেক ম্যাচে দ্বিতীয় স্তরের দল রেক্সহ্যামের বিপক্ষে হারতে হারতে জিতেছে চেলসি।

ঘরের মাঠে ম্যাচের শুরুটা দুর্দান্ত হয়েছিলো নিউক্যাসল ইউনাইটেডের। কিন্তু শুরুতে গোল করে এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে পারেনি তারা। বরং গোল হজমের আক্রমণাত্মক হয়ে উঠল ম্যানচেস্টার সিটি। ঘুরে দাঁড়িয়ে ওমর মার্মাউশের জোড়া গোলে এফএ কাপের কোয়ার্টার ফাইনাল উঠল পেপ গার্দিওয়ালার দল। প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে ৩-১ গোলে জিতেছে ম্যান সিটি। হার্ভি ভার্নসের গোলে পিছিয়ে পড়ার পর, সফরকারীদের সমতায় ফেরান সাভিনহো। এরপর দ্বিতীয়ার্ধে ব্যবধান গড়ে দেন মার্মাউশ। চলতি মৌসুমে এর আগেও এই দুই দলের দেখা হয়েছে চারবার। গত নভেম্বরে লিগে প্রথম দেখায় নিউক্যাসলের মাঠে ২-১ গোলে হেরেছিল সিটি। এরপর জানুয়ারির মাঝামাঝি ও ফেব্রুয়ারির শুরুতে লিগ কাপে সেমি-ফাইনালের দুই লেগেই জিতে আগের ক্ষতে প্রলেপ দেয় তারা। সেই ধারাবাহিকতায় ফেব্রুয়ারির শেষ ভাগে লিগের ফিরতি দেখায়ও জয় পায় গার্দিওয়ালার দল।

এদিকে, ম্যান্সফিল্ড টাউনকে ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল। ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরের দলটির মাঠে প্রথমে ননি মাদুয়েকের নৈপুণ্যে এগিয়ে যায় মিকেল আর্তেতার দল। প্রথমার্ধের শেষ দিকে প্রথম গোলের দেখা পায় আর্সেনাল। ডি বক্সে ঢুকেই সতীর্থের পাস পেয়ে, প্রথম ছোঁয়ায় জোরাল শটে ক্রসবার ঘেঁষে বল জালে পাঠান ইংলিশ উইঙ্গার মাদুয়েকে। বেশিক্ষণ অবশ্য এগিয়ে থাকতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি নেমে পাঁচ মিনিটের মধ্যে সমতা টানেন উইল ইভান্স। ৬৬ মিনিটে দ্বিতীয় গোল পায় আর্সেনাল। ডি বক্সের মুখে দুইজনের বাধা সামলে জোরাল শটে আর্সেনালকে আবার এগিয়ে নেন এবেরেচি ইজে। আরেকটি গোলের আশায় শেষ মিনিট পর্যন্ত সমানতালে লড়াই করে ম্যান্সফিল্ড টাউন। কিন্তু, আরও কয়েকবার ভীতি ছড়ালেও জালের দেখা আর পায়নি তারা। মৌসুমে চার শিরোপা জয়ের ভীষণ কঠিন লক্ষ্যে একটু একটু করে এগিয়ে যাচ্ছে আর্সেনাল।

আরেক ম্যাচে, চেলসিকে ঘাম ঝরিয়ে ছেড়েছে দ্বিতীয় স্তরের দল রেক্সহ্যাম। শনিবার এফএ কাপের রোমাঞ্চকর ম্যাচে রেক্সহ্যামকে ৪-২ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে চেলসি। রেসকোর্স গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচটি নির্ধারিত সময়ে ২-২ সমতায় শেষ হলে অতিরিক্ত সময়ে জয় নিশ্চিত করে প্রিমিয়ার লিগের দলটি। অতিরিক্ত সময়ের ৯৭ মিনিটে কাছ থেকে জোরালো ভলিতে গোল করে চেলসিকে প্রথমবারের মতো এগিয়ে দেন আলেসান্দ্রো গারনাচো। তার শটে এতটাই জোর ছিল, বলটি পোস্টের পেছনে লেগে জালে জড়িয়ে যায়। এর আগে ৯৩ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রেক্সহ্যামের জর্জ ডবসন। তারপরও দশ জনের দল নিয়েই সমানতালে লড়েছে তারা। অতিরিক্ত সময়ের শেষদিকে লুইস ব্রান্ট হেডে গোল করে সমতা ফেরানোর আশা জাগালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এরআগে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় রেক্সহ্যামের স্যাম স্মিথ ও কালাম ডইলি এবং চেলসির হয়ে গোল দুটি করেন আর্থার ওকোনকো ও জস আচেমপং।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews