মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ 'হাউস অব রিপ্রেজেন্টেটিভস' বা প্রতিনিধি পরিষদের ক্ষমতা হাতে পেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে শুরুতেই কোনো অভিশংসন বা ইমপিচমেন্ট প্রস্তাব আনবে না ডেমোক্র্যাটরা। তার বদলে তারা ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যবসায়ী, প্রতিষ্ঠান ও বড় আর্থিক খাতগুলোর ওপর নজরদারির এবং তাদেরকে সুযোগমতো আইন দিয়ে চেপে ধরার কৌশল নিচ্ছে।
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ 'হাউস অব রিপ্রেজেন্টেটিভস' বা প্রতিনিধি পরিষদের ক্ষমতা হাতে পেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে শুরুতেই কোনো অভিশংসন বা ইমপিচমেন্ট প্রস্তাব আনবে না ডেমোক্র্যাটরা।
তার বদলে তারা ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যবসায়ী, প্রতিষ্ঠান ও বড় আর্থিক খাতগুলোর ওপর নজরদারি বাড়ানো এবং সুযোগমতো আইন দিয়ে চেপে ধরার কৌশল নিচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স শনিবার (৮ আগস্ট) জানিয়েছে, ডেমোক্র্যাটদের এই পরিকল্পনা সম্পর্কে চারজন অভিজ্ঞ ব্যক্তি নিশ্চিত করেছেন।
ডেমোক্র্যাটদের শীর্ষ নেতারা আলোচনা করেছেন যে, সরাসরি ট্রাম্প প্রশাসনের মুখোমুখি না হয়ে তার রাজনৈতিক ও ব্যবসায়িক বলয়ের সাথে যুক্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে নিশানা করা হলে তাতে বেশি কাজে দেবে।
এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদে দুই দুইবার অভিশংসন প্রক্রিয়া শুরু করেও তাকে সরানো যায়নি। উল্টো ট্রাম্প নিজেকে রাজনৈতিক চক্রান্তের শিকার হিসেবে তুলে ধরার সুযোগ পেয়েছিলেন। ডেমোক্র্যাটরা সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এবার তদন্ত আর প্রমাণের ওপর জোর দিচ্ছে।
আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেলে সমন বা সাবপিনা জারি (কাউকে আদালতে বা কমিটির সামনে হাজির হতে বাধ্য করার আইনি নির্দেশ) করার আইনি ক্ষমতা পাবে। ডেমোক্র্যাটদের ধারণা, সরাসরি হোয়াইট হাউসের কাছে তথ্য চাইলে তা আটকে দেওয়া হবে। তাই তারা ট্রাম্প প্রশাসনের সাথে কাজ করা বিভিন্ন ঠিকাদার ও আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য আদায়ের পরিকল্পনা করছে।
নজরে যেসব প্রতিষ্ঠান ও চুক্তি
আলোচনায় উঠে আসা প্রতিষ্ঠানগুলোর তালিকায় রয়েছে অ্যাপল, অ্যালফাবেট, পালানটির, ব্ল্যাকস্টোন, ব্ল্যাকরক এবং ইলন মাস্কের টেসলা। হোয়াইট হাউসের নতুন বলরুমের অর্থায়ন, ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের যুক্ত থাকা ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম '১৭৮৯ ক্যাপিটাল' এবং ট্রাম্প পরিবারের ব্যবসাগুলোতে বিদেশি অর্থায়নের মতো বিষয়গুলো খতিয়ে দেখা হবে।
ডেমোক্র্যাটরা ইতোমধ্যেই কিছু সংস্থাকে তথ্য চেয়ে চিঠি পাঠানো শুরু করেছে, যাতে জয় পেলে সহজেই সমন জারি করা যায়। প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটির শীর্ষ ডেমোক্র্যাট প্রতিনিধি রবার্ট গার্সিয়া স্পষ্ট জানিয়েছেন, ট্রাম্পের অনুদানদাতা এবং পরিবারের আর্থিক লেনদেনের দুর্নীতি রুখতে তদন্ত আরো জোরদার করা হবে।
অভিশংসনের পথ একেবারেই বন্ধ হয়ে যায়নি। তবে ডেমোক্র্যাটরা জানিয়েছে, কোনো অকাট্য প্রমাণ মিললেই কেবল তারা অভিশংসনের দিকে হাঁটবে, তার আগে নয়।