পৃথিবীর পানির অভাব নেই। কিন্তু মিষ্টি পানি? বিশ্বের মোট পানি ভান্ডারের খুব সামান্যই মিষ্টি পানি বা স্বাদু পানি। তারও আবার সিংহ ভাগই জমে রয়েছে পৃথিবীর নির্দিষ্ট একটি অঞ্চলে, যা মোটেও সহজলভ্য নয়।

আমাদের পৃথিবীর মোট তিন ভাগ পানি, এক ভাগ স্থলভূমি। কিন্তু সেই পানির বেশির ভাগই লবণাক্ত, বা সমুদ্রের পানি। শতকরা হিসাবে পৃথিবীতে প্রায় ৯৬.৫ ভাগ রয়েছে সমুদ্রের পানি। অন্য লবণাক্ত পানি রয়েছে প্রায় ০.৯ শতাংশ। বাকি ২.৫ শতাংশ মিষ্টি পানি। তবে এরও সিংহ ভাগ আমাদের নাগালের বাইরেই রয়ে গিয়েছে।

বিশ্বকোষ ‘এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা’ অনুযায়ী, আন্টার্কটিক বরফের চাদর (আইস শিট)-এর আয়তন প্রায় ২ কোটি ৮০ লাখ ঘন কিলোমিটার। এই বরফের চাদরে রয়েছে বিশ্বের মোট মিষ্টি পানির (ভূগর্ভস্থ পানিসহ) প্রায় ৭০ শতাংশ। অর্থাৎ, পৃথিবীর একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত এই বরফের চাদরে পৃথিবীর মোট মিষ্টি পানির দশ ভাগের সাত ভাগই গচ্ছিত রয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-ও জানাচ্ছে, পৃথিবীর মোট মিষ্টি পানির সিংহ ভাগ (৬৮.৭ শতাংশ) জমে রয়েছে বিভিন্ন আইস ক্যাপ (আইস শিটের ক্ষুদ্র সংস্করণ। এর আয়তন হয় ৫০ হাজার বর্গ কিলোমিটারের কম। তার বেশি হলে সেগুলিকে আইস শিট বলে) এবং হিমবাহের মধ্যে, যা পৃথিবীর মিষ্টি পানির সার্বিক ভান্ডারের দুই তৃতীয়াংশের চেয়েও বেশি। এই তথ্য আপাতভাবে কিছুটা স্বস্তির বলে মনে হতে পারে। পৃথিবীতে বিপুল পরিমাণে মিষ্টি পানি মজুত রয়েছে বলে মনে হতে পারে অনেকের। তবে বাস্তব ততটাও ‘সুখকর’ নয়।

মিষ্টি পানি মজুত করা এই বরফ সর্বত্র সমানভাবে ছড়িয়ে নেই। ইউএসজিএস-এর হিসাব অনুযায়ী, পৃথিবীর মোট বরফের প্রায় ৯০ শতাংশই রয়েছে অ্যান্টার্কটিকায়। বাকি ১০ শতাংশের মতো রয়েছে গ্রিনল্যান্ডের আইস শিটে। এ ছাড়া সামান্য কিছু অংশ রয়েছে বিভিন্ন পার্বত্য হিমবাহে। আমেরিকার ‘ন্যাশনাল স্নো অ্যান্ড আইস ডেটা সেন্টার’ অনুযায়ী, অ্যান্টার্কটিক আইস শিট ছড়িয়ে রয়েছে প্রায় ১ কোটি ৪০ লাখ বর্গকিলোমিটার এলাকাজুড়ে এবং এর আয়তন ৩ কোটি ঘন কিলোমিটারের কাছাকাছি। দুই সংস্থাই জানাচ্ছে, আন্টার্কটিকার এই একটিমাত্র আইস শিটেই বিশ্বের মোট মিষ্টি পানির দশ ভাগের সাত ভাগ জমে রয়েছে।

কিন্তু কোনও কিছুর অস্তিত্ব থাকা এবং তা ব্যবহারের উপযোগী হওয়া— দু’টি এক বিষয় নয়। এই জমাট বাধা মিষ্টি পানির প্রায় পুরোটাই দ্বিতীয় শর্তটি পূরণ করতে পারে না। অর্থাৎ, তা সহজে ব্যবহারযোগ্য নয়। প্রথমত, দক্ষিণ মেরুর এই আন্টার্কটিকা মহাদেশে কোনও স্থায়ী মনুষ্যবসতি নেই। এই মেরু অঞ্চল মনুষ্যবসতি থেকে বহু দূরে অবস্থিত। তাছাড়া এখানে জমে থাকা বরফ কোথাও কোথাও কয়েক কিলোমিটার পর্যন্ত পুরু। পাশাপাশি এগুরো এতটাই শীতল পরিবেশে জমে রয়েছে যে তা তুলে আনাও চ্যালেঞ্জের বিষয়। অর্থাৎ, পৃথিবীর মিষ্টি পানির সবচেয়ে বড় ভান্ডারটিই মানুষের কাছে দৃশ্যত সবচেয়ে কম ব্যবহারযোগ্য।

‘স্পেস ডেইলি’র প্রতিবেদন অনুযায়ী, এই জমাট বাধা অংশটুকু বাদ দিলেও বাকি অংশের বেশির ভাগও মানুষের নাগালের বাইরে। কারণ, মিষ্টি পানির প্রায় ৩০ শতাংশ হলো ভূগর্ভস্থ পানি। এর একটি বড় অংশ মাটির এতটাই নিচে রয়েছে যে পাম্পের মাধ্যমে তা তুলে আনা আর্থিকভাবে লাভজনক নয়। এসব বাদে বাকি যে অংশটুকু পড়ে থাকে, সেটিই আসলে মানুষকে দৈনন্দিন জীবনে টিকে থাকতে সাহায্য করে। 

ন্যাশনাল জিওগ্রাফিক সোশ্যাইটির তথ্য অনুযায়ী, পৃথিবীর মিষ্টি পানির মাত্র এক শতাংশের মতো মানুষের কাছে সহজলভ্য থাকে। আবার আমেরিকার পরিবেশরক্ষা সংস্থা (ইউএসইপিএ)-র মতে, সহজলভ্য মিষ্টি পানির পরিমাণ এক শতাংশেরও কম। তাদের বক্তব্য, পৃথিবীতে প্রচুর পরিমাণে পানি আছে বলে মনে হতে পারে। কিন্তু আসল বিষয় হলো তার এক শতাংশেরও কম পরিমাণ পানি মানুষের কাছে ব্যবহারের উপযোগী।

তবে এর মানে এমন নয় যে পৃথিবী পানিশূন্য হয়ে পড়ছে। বরং বিশ্বের পানির ভান্ডারের বাস্তব পরিসংখ্যানকে স্পষ্ট করে এই তথ্য। উল্লেখ্য, ভূপৃষ্ঠে যে মিষ্টি পানি রয়েছে, তা-ও বিশ্বের সর্বত্র সমানভাবে বণ্টিত হয় না। ন্যাশনাল জিওগ্রাফিক সোশ্যাইটি-র তথ্য অনুযায়ী, ভূপৃষ্ঠে থাকা মিষ্টি পানির সিংহ ভাগই রয়েছে ব্রাজিল, রাশিয়া, কানাডা, ইন্দোনেশিয়া, চীন, কলম্বিয়া এবং আমেরিকায়।

বিডি প্রতিদিন/জেডএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews