মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের জনপ্রিয় সিনেমা ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এ নেডের নানির চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া প্রবীণ অভিনেত্রী মেরি এগিদা রিভেরা আর নেই। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে মার্ভেল অনুরাগী ও হলিউড চলচ্চিত্র অঙ্গনে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিএমজেড জানায়, যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের হনুলুলুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবারের সদস্য সূত্রে জানা গেছে, স্ট্রোকের পর শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবারের ভাষ্য অনুযায়ী, ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এ সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত স্মরণীয় চরিত্রে অভিনয় করতে পেরে মেরি রিভেরা অত্যন্ত গর্বিত ছিলেন। পর্দায় তাঁর উপস্থিতি ছিল অল্প সময়ের, তবে সেই দৃশ্য দর্শকদের হাসিতে ভরিয়ে দিয়েছিল।
ছবির এক রোমাঞ্চকর মুহূর্তে নেড ও এমজের সামনে হাজির হন অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডার-ম্যান। ঠিক তখনই ঘরে প্রবেশ করে নাতিকে টপকে অতিথিকে ছাদের কোণ থেকে মাকড়সার জাল পরিষ্কার করার নির্দেশ দেন নানি। অপ্রত্যাশিত এই সাবলীল সংলাপ ও হাস্যরসাত্মক পরিস্থিতি প্রেক্ষাগৃহে ব্যাপক হাসির রোল তোলে এবং পুরো সিনেমার অন্যতম জনপ্রিয় দৃশ্য হিসেবে স্বীকৃতি পায়।
ঐতিহাসিক সেই দৃশ্যে অ্যান্ড্রু গারফিল্ড, টোবি ম্যাগুইয়ার, টম হল্যান্ড, জেনডায়া ও জ্যাকব ব্যাটালনের মতো একঝাঁক শীর্ষ তারকার সঙ্গে একই ফ্রেমে দেখা গিয়েছিল মেরি রিভেরাকে। ছোট্ট এই ক্যামিও চরিত্রের মাধ্যমেই তিনি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মার্ভেল ভক্তদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন।
মেরি রিভেরার প্রয়াণের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করছেন ভক্তরা। অসংখ্য অনুরাগী লিখেছেন- সিনেমার সবচেয়ে মজার ও আনন্দদায়ক মুহূর্তগুলোর একটি হিসেবে তাঁর এই চরিত্রটি সবসময় স্মরণীয় হয়ে থাকবে।
১৯৪৩ সালের ২ জুন ফিলিপাইনের ইলোইলোতে জন্মগ্রহণ করেন মেরি এগিদা রিভেরা। অভিনয়ের পাশাপাশি তিনি দীর্ঘদিন একজন মিশনারি হিসেবে সমাজসেবামূলক কাজে যুক্ত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি স্বামী আলেজান্দ্রো রিভেরা, চার সন্তান, ১১ জন নাতি-নাতনি এবং চারজন পুতি-পুতনি রেখে গেছেন।