২০২৬-২৭ মৌসুমের প্রথম ম্যাচের কয়েক ঘণ্টা আগে সোশ্যাল মিডিয়ায় নতুন লুক প্রকাশ নরওয়েজিয়ান তারকার; বউর্নমাউথের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি ম্যানচেস্টার সিটির।
ম্যানচেস্টার সিটির হয়ে নতুন মৌসুমের প্রথম ম্যাচে নামার কয়েক ঘণ্টা আগে ভক্তদের চমকে দিয়েছেন আর্লিং হালান্ড। দীর্ঘ স্বর্ণালি চুলের জন্যও পরিচিত নরওয়েজিয়ান এই স্ট্রাইকার এবার একেবারে ছোট করে চুল কেটেছেন। রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করে নতুন লুক দেখান তিনি। ছবির সঙ্গে লিখেছেন, ‘Short hair don’t care.’
পরে একটি ভিডিওতেও চুল কাটার আগে ও পরের চেহারা তুলে ধরেন হালান্ড। তাঁর নতুন ‘বাজকাট’ লুক নজর কেড়েছে ম্যানচেস্টার সিটিরও। ক্লাবের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে হালান্ডের পোস্টে তাঁরই বহুল ব্যবহৃত ক্যাচফ্রেজ ‘Nice’ লিখে প্রতিক্রিয়া জানানো হয়েছে। ফলে নতুন মৌসুমে মাঠে গোলের পাশাপাশি নতুন চেহারাতেও আলোচনায় থাকছেন সিটির এই গোলমেশিন।
নতুন লুকে হালান্ডের অভিষেক হতে পারে ২০২৬-২৭ প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচেই। মৌসুমের প্রথম ম্যাচে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ বউর্নমাউথ। শিরোপার আরেক দাবিদার আর্সেনাল ইতোমধ্যে কোভেন্ট্রি সিটিকে ৩-০ গোলে হারিয়ে অভিযান শুরু করেছে। তাই পেপ গার্দিওলার দলও জয় দিয়ে মৌসুম শুরু করতে চাইবে, আর আক্রমণভাগে স্বাভাবিকভাবেই সবচেয়ে বড় ভরসা হালান্ড।
আগস্ট মাস অবশ্য হালান্ডের জন্য বরাবরই শুভ। প্রিমিয়ার লিগে আগস্টে মাত্র ১৪ ম্যাচ খেলেই তাঁর গোলসংখ্যা ২২। ফলে বউর্নমাউথের বিপক্ষে নতুন চেহারায় মাঠে নেমে গোল দিয়ে মৌসুম শুরু করতে পারলে, হালান্ডের নতুন লুকের সঙ্গে যোগ হবে আরেকটি পরিচিত দৃশ্য—গোল উদ্যাপন।