বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার ২০২৯ সাল থেকে আর হলিউডে আয়োজন করা হবে না জানিয়েছে আয়োজক সংস্থা।

গতকাল বৃহস্পতিবার এক ঘোষণায় অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস জানায়, ২০২৮ সাল পর্যন্ত হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠানটি আয়োজন করা হবে। এরপর ২০২৯ সাল থেকে এটি লস অ্যাঞ্জেলেসের কেন্দ্রস্থলে অবস্থিত পিকক থিয়েটারে আয়োজন করা হবে।

নতুন ভেন্যু পিকক থিয়েটারটি লা লাইভ কমপ্লেক্সের অংশ, যা ক্রিপ্টো ডটকম অ্যারেনার পাশেই অবস্থিত- এটি এনবিএ দল লস অ্যাঞ্জেলেস লেকার্সের হোম গ্রাউন্ড।

অ্যাকাডেমির প্রধান নির্বাহী বিল ক্রেমার এবং প্রেসিডেন্ট লিনেট হাওয়েল টেইলর জানান, ১০১তম অস্কারসহ ভবিষ্যতের আয়োজনগুলো এলএ লাইভকে কেন্দ্র করে আরো বড় পরিসরে উদযাপন করা হবে।

তিনি বলেন, ‘১০১তম অস্কার আসর এবং তার পরবর্তী আয়োজনগুলো সামনে রেখে, আমরা অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস-এর পক্ষ থেকে (মালিক) এইজি-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি।’

তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো লা লাইভকে এমন এক আদর্শ মঞ্চে রূপ দেয়া, যেখানে একদিকে সরাসরি হলে উপস্থিত দর্শকরা অনুষ্ঠান উপভোগ করতে পারবেন, অন্যদিকে বিশ্বের নানা প্রান্তের সিনেমাপ্রেমীরাও এই বৈশ্বিক উদযাপনের অংশ হতে পারবেন।

এই সিদ্ধান্তের অংশ হিসেবে আয়োজকরা এএইজির সাথে ১০ বছরের একটি চুক্তি করেছে। একইসাথে যুক্তরাষ্ট্রে প্রচলিত টেলিভিশন সম্প্রচার থেকে সরে এসে ভবিষ্যতে অনুষ্ঠানটি বিশ্বব্যাপী ইউটিউবের মাধ্যমে সম্প্রচার করা হবে।

উল্লেখ্য, ডলবি থিয়েটারে দীর্ঘদিন ধরে অস্কার আয়োজন হয়ে আসছে, যা ১৯২৯ সালে প্রথম অস্কার প্রদান করা রুজভেল্ট হোটেলের খুব কাছেই অবস্থিত।

যদিও অস্কারের সাথে হলিউডের নাম ওতপ্রোতভাবে জড়িত, অতীতেও বিভিন্ন সময়ে লস অ্যাঞ্জেলেসের অন্যান্য ভেন্যুতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৯৬০-এর দশকের বেশিরভাগ সময় এটি সান্তা মনিকা শহরে আয়োজন করা হয়।

গত ১৫ মার্চ অনুষ্ঠিত এ বছরের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, বামপন্থী বিপ্লবী, শ্বেতাঙ্গ আধিপত্যবাদী এবং অভিবাসী আটক কেন্দ্রগুলোর এক রোমাঞ্চকর কাহিনী- পল থমাস অ্যান্ডারসনের ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’ শ্রেষ্ঠ চলচ্চিত্রের মুকুট জয় করেছে।

সূত্র : বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews