একমাত্র টেস্ট ম্যাচ আর ওয়ানডে সিরিজে হারের পর এবার টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আগের দুই সিরিজের ব্যর্থতা আড়াল করতে টাইগাররা আজ মাঠে নামছে দৃশ্যপট বদলাতে।
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ বুধবার বুলাওয়েতে মুখোমুখি হবে দু’দল। বেলা সাড়ে ৪টায় শুরু দু’দলের লড়াই।
সাম্প্রতিক ফলাফল বাংলাদেশের পক্ষে না থাকলেও মুখোমুখি পরিসংখ্যান স্পষ্টভাবেই টাইগারদের দিকেই ঝুঁকে আছে। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে ২৫ বার।
এর মাঝে ১৭ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ, আর ৮টিতে জিতেছে জিম্বাবুয়ে। অর্থাৎ দু’দলের লড়াইয়ে প্রায় দ্বিগুণ জয় নিয়ে এগিয়ে আছে টাইগাররা। দু’দলের শেষ দেখা হয় ২০২৪ সালে।
বাংলাদেশের মাটিতে ৫ ম্যাচের সেই সিরিজে ৪-১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। আর জিম্বাবুয়ের মাটিতে শেষ খেলেছিল ২০২২ সালে, তিন ম্যাচের সেই সিরিজ অবশ্য ২-১ ব্যবধানে হেরে যায় টাইগাররা।
যদিও ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ঘরের মাঠে জিম্বাবুয়ের রেকর্ড ভালো, তবে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে আজ মাঠে নামবে টাইগাররা। ফলে লড়াইটা তাই বেশ জমজমাট হবে বলে ধারণা করা হচ্ছে।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ কেমন হবে সেটাই এখন আলোচনার বিষয়। পেস ইউনিটে তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানার থাকা প্রায় নিশ্চিত। সাথে সাইফুদ্দিনও জায়গা করে নিতে পারেন।
ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সাথে সাইফ হাসান প্রায় নিশ্চিত। তিনে পারভেজ হোসেন ইমন। চারে অধিনায়ক তাওহীদ হৃদয় ও পাঁচে নুরুল হাসান সোহানকে খেলাতে পারে বাংলাদেশ।
ছয়ে খেলানো হতে পারে দীর্ঘদিন পর দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকতকে। স্পিন আক্রমণে লেগস্পিনার রিশাদ হোসেন, নাসুম আহমেদ বা শেখ মেহেদীর একজন জায়গা পেতে পারেন একাদশে।
সম্ভাব্য একাদশ
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।