দিনাজপুর-২, ১২ ফেব্রুয়ারি – দিনাজপুর-২ (বিরল ও বোচাগঞ্জ) আসনে শারীরিক অসুস্থতাকে উপেক্ষা করে হাতে ক্যানুলা লাগানো অবস্থায় অ্যাম্বুলেন্সে চড়ে ভোট দিতে এসেছেন এক নারী ভোটার।
বৃহস্পতিবার সকালে উপজেলার মঙ্গলপুর মাইনুল হাসান কলেজ কেন্দ্রে এই দৃশ্য দেখা যায়। তবে তাৎক্ষণিকভাবে ওই নারী ভোটারের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি। গুরুতর অসুস্থ থাকার পরেও ভোটাধিকার প্রয়োগে তার এই আগ্রহ স্থানীয়দের মধ্যে কৌতূহল ও প্রশংসার সৃষ্টি করেছে। বিরল ও বোচাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় আসনে মোট ১৮টি ইউনিয়ন পরিষদ এবং ২টি পৌরসভা রয়েছে। দুই উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১১৬টি।
এর মধ্যে বিরল উপজেলায় ৭১টি এবং বোচাগঞ্জ উপজেলায় ৪৫টি কেন্দ্র রয়েছে। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭১ হাজার ৪৭৮ জন। এবারের নির্বাচনে এই আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণ শুরু হওয়ার পর বিরল উপজেলার করলা মাধববাটী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী ও জামায়াত নেতা অধ্যক্ষ এ কে এম আফজালুল আনাম।
স্বতন্ত্র প্রার্থী আ ন ম বজলুর রশীদ কালু বিরলের সিঙ্গুল হামিদ হামিদা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবং জাতীয় পার্টির প্রার্থী মো. জুলফিকার হোসেন বোচাগঞ্জ উপজেলার ভাণ্ডার খণ্ড কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্য প্রার্থীরা হলেন বিএনপির মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাক (ধানের শীষ), বাংলাদেশ খেলাফত মজলিসের জোবায়ের সাঈদ (রিকশা), বাংলাদেশ মুসলিম লীগের মো. মোকারম হোসেন (হারিকেন), ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহা. রেদওয়ানুল কারীম রাবিদ (হাতপাখা) এবং স্বতন্ত্র প্রার্থী সেবক পার্টির চেয়ারম্যান ড. আনোয়ার চৌধুরী জীবন।
এস এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬