আগামী মৌসুম থেকে চার বছরের চুক্তিতে জাবি আলোনসোকে ক্লাবের নতুন ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে চেলসি। স্প্যানিশ এই কোচকে ক্লাবের দুর্বল পারফরম্যান্স কাটিয়ে ওঠার দায়িত্ব দেয়া হয়েছে।

শনিবার চেলসি এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হেরে যায়। এ ছাড়া প্রিমিয়ার লিগে মৌসুম শেষ হতে দুই ম্যাচ বাকি থাকতে দলটি নবম স্থানে রয়েছে।

বায়ার লেভারকুসেনকে ২-২৩/২৪ মৌসুমে অপরাজিত থেকে জার্মান লিগ ও কাপ ডাবল শিরোপা উপহার দিয়ে আলোসনো ইউরোপের অন্যতম প্রতিভাবান কোচ হিসেবে পরিচিতি পান। তবে রিয়াল মাদ্রিদেও কোচ হিসেবে তার সময়টা দীর্ঘ হয়নি। গত বছর দায়িত্ব নেয়ার পর তিনি জানুয়ারিতে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি ছাড়েন।

এক বিবৃতিতে চেলসি বলেছে, ‘পুরুষ দলের ম্যানেজার হিসেবে জাবি আলোনসোকে নিয়োগ দিতে পেরে চেলসি ফুটবল ক্লাব আনন্দিত। তিনি ১ জুলাই ২০২৬ থেকে স্ট্যামফোর্ড ব্রিজে চার বছরের চুক্তিতে দায়িত্ব শুরু করবেন।’

আলোনসোর সামনে বড় চ্যালেঞ্জ হলো চেলসিকে আবারো বড় শিরোপার লড়াইয়ে ফেরানো।

গত বছর ক্লাব বিশ্বকাপ ও উয়েফা কনফারেন্স লিগ জিতলেও, ২০২২ সালে মালিকানা পরিবর্তনের পর এক বিলিয়ন পাউন্ডেরও বেশি খেলোয়াড় কেনাকাটার বিপরীতে চেলসির অর্জন খুবই সীমিত।

শনিবার ওয়েম্বলিতে হারের ফলে টানা আট মৌসুম ধরে তারা কোনো ঘরোয়া শিরোপা জিততে পারেনি।

জাভি আলোনসো বলেন, ‘চেলসি বিশ্ব ফুটবলের অন্যতম বড় ক্লাব। এই মহান ক্লাবের ম্যানেজার হতে পেরে আমি অত্যন্ত গর্বিত। মালিকপক্ষ ও ক্রীড়া নেতৃত্বের সাথে আলোচনায় স্পষ্ট হয়েছে যে আমাদের লক্ষ্য এক। আমরা এমন একটি দল গড়তে চাই, যারা নিয়মিত সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং শিরোপার জন্য লড়বে। দলে অসাধারণ প্রতিভা আছে এবং এই ক্লাবের সম্ভাবনাও বিশাল। এই দলকে নেতৃত্ব দেয়া আমার জন্য গর্বের বিষয়। এখন আমাদের মনোযোগ কঠোর পরিশ্রম, সঠিক সংস্কৃতি গড়ে তোলা এবং শিরোপা জয়ের দিকে।’

এপ্রিল মাসে টানা পাঁচটি লিগ ম্যাচে গোল ছাড়াই হারের পর লিয়াম রোসেনিয়ারকে বরখাস্ত করা হয়। তিনি দায়িত্বে ছিলেন মাত্র চার মাস।

অন্তর্বর্তীকালীন কোচ ক্যালুম ম্যাকফারলেন দলকে এফএ কাপের ফাইনালে তুললেও, চেলসি এখন টানা সাতটি লিগ ম্যাচে জয়হীন এবং আগামী মৌসুমে ইউরোপিয়ান ফুটবল থেকেও ছিটকে পড়ার শঙ্কায় রয়েছে।

মাদ্রিদে ব্যর্থ সময় কাটানোর পর জাভি আলোনসোর সামনে নিজেকে প্রমাণের সুযোগ এসেছে। তবে তার আগমন সমালোচিত চেলসি মালিকদের জন্যও বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। অনেক লিভারপুল সমর্থক আশা করেছিলেন, ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত খেলোয়াড় হিসেবে ক্লাবটিতে দারুণ সময় কাটানো আলোনসো এ্যানফিল্ডে ফিরে এসে চাপে থাকা আর্নে স্লটের উত্তরসূরি হবেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews