নেটফ্লিক্সের সিনেমা ‘টোস্টার’-এর প্রচারণায় সেই আত্মবিশ্বাসী সানিয়াকেই পাওয়া গেল। ১৫ এপ্রিল মুক্তি পাওয়া ছবিটির প্রচারণায় গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে বারবার ফিরে এসেছে তাঁর শুরুর দিনগুলোর লড়াইয়ের গল্প। সানিয়া জানালেন, ক্যারিয়ারের শুরুর দিকে সুযোগ হারানোর আতঙ্ক তাঁকে সব সময় তাড়া করত। নতুন একজন অভিনেত্রীর কাছে প্রতিটি প্রস্তাবই তখন গুরুত্বপূর্ণ, ফলে ‘না’ বলা হয়ে উঠত প্রায় অসম্ভব। সানিয়ার ভাষ্যে, ‘না বলার আগে আমার প্যানিক অ্যাটাক হতো। মনে হতো, যদি কাজটাই হারিয়ে ফেলি!’
এই ভয় শুধু সিদ্ধান্তেই নয়, সানিয়ার মানসিক অবস্থাতেও প্রভাব ফেলত। তিনি জানান, অনেক সময় নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে হয়েছে, শুধু সুযোগ হারানোর আশঙ্কায়। ‘কোনোভাবে না বললেও পরে মাসের পর মাস সেটা নিয়ে ভাবতাম। মনে হতো, হয়তো ভুল করলাম,’ বলেছেন তিনি।