মোহাম্মদ ওয়াসিম ও আলিশান শারাফুর ব্যাটে লড়াকু পুঁজি পেল সংযুক্ত আরব আমিরাত। কিন্তু লড়াই একটুও করতে পারল না তারা। কারণ বিধ্বংসী ব্যাটিংয়ে বিশ্ব রেকর্ড গড়ে নিউ জিল্যান্ডকে জেতালেন টিম সাইফার্ট ও ফিন অ্যালেন।
চেন্নাইয়ে মঙ্গলবার বিকেলের ম্যাচে আমিরাতকে ১০ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। আগে ব্যাট করে ১৭৩ রানের সংগ্রহ দাঁড় করায় আমিরাত। জবাবে মাত্র ১৫.২ ওভারে ম্যাচ জিতে যায় কিউইরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম ১০ উইকেটের জয় পেল নিউ জিল্যান্ড। দলের বড় জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ জুটি গড়েছেন সাইফার্ট ও অ্যালেন। এতদিন সর্বোচ্চ জুটির রেকর্ড ছিল ২০২২ বিশ্বকাপে ভারতের বিপক্ষে জস বাটলার ও অ্যালেক্স হেলসের ১৭০ রান।
বিশ্ব রেকর্ড গড়ে ১৭৫ রানের জোট বাধলেও সেঞ্চুরি করতে পারেননি সাইফার্ট বা অ্যালেন। ১২ চার ও ৩ ছক্কায় ৪২ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন সাইফার্ট। অ্যালেনের ব্যাট থেকে আসে ৫টি করে চার-ছক্কায় ৫০ বলে ৮৪ রান।
এর আগে আরব আমিরাতকে লড়াকু পুঁজি এনে দেওয়ার কারিগর অধিনায়ক ওয়াসিম ও শারাফু। দুজন মিলে দ্বিতীয় উইকেটে গড়েন ৭৭ বলে ১০৭ রানের জুটি। ওয়াসিম শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৪ চার ও ৩ ছক্কায় ৪৫ বলে করেন ৬৬ রান। আর শারাফু খেলেন ৫ চার ও ২ ছক্কায় ৪৭ বলে ৫৫ রানের ইনিংস। তবে তাদের এই প্রচেষ্টা শেষ পর্যন্ত জয়ের মুখ দেখেনি।
বিডি প্রতিদিন/নাজিম