জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও আরো ১১ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় রাষ্ট্রপক্ষ আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ (আইসিটি-১) এ অভিযোগ গঠনের যুক্তিতর্ক শেষ করেছে।

শুনানির সময় রাষ্ট্রপক্ষ ২০২৪ সালের ১৯, ২১ জুলাই ও ৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা ও সাইনবোর্ড এলাকায় দশজনকে হত্যার ঘটনায় অভিযুক্তদের সম্পৃক্ততা বিস্তারিতভাবে তুলে ধরে আদালতের সামনে নিজ যুক্তি উপস্থাপন করে।

রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষে আইসিটি-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার শুনানিটি আগামী ২৩ এপ্রিল পর্যন্ত মুলতবি করেন।

এ দিন আসামিপক্ষের আইনজীবীদের অভিযুক্তদের অব্যাহতি চেয়ে যুক্তি উপস্থাপন করার কথা রয়েছে।

এই মামলার অন্যান্য উল্লেখযোগ্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন- শামীম ওসমানের ছেলে আয়ান ওসমান, ভাগ্নে আজমেরী ওসমান, আয়ানের শ্যালক মিনহাজ উদ্দিন আহমেদ ও শামীমের শ্যালক তানভীর আহমেদ টিটু।

রাষ্ট্রপক্ষ ২০২৬ সালের ১৯ জানুয়ারি মামলাটিতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে।

এর পরপরই, ট্রাইব্যুনাল অভিযোগগুলো আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সূত্র : বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews