স্প্যানিশ নারী ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এই দুই দলের লড়াই মানেই উত্তেজনায় ঠাসা। তবে বাস্তবে ছবিটা একেবারেই ভিন্ন। দীর্ঘদিন ধরেই ক্লাব দুটির দ্বৈরথ অনেকটা একপেশে হয়ে আসছে। নারী এল ক্লাসিকোতে আবারও শক্তির দাপট দেখাল বার্সা।

উয়েফা নারী চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দুই লেগ মিলিয়ে ১২-২ গোলের বড় ব্যবধানে জয় তুলে নিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে কাতালান ক্লাবটি। বৃহস্পতিবার ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত দ্বিতীয় লেগে তারা রিয়ালকে ৬-০ গোলে বিধ্বস্ত করে।

এই ম্যাচে বার্সার হয়ে জোড়া গোল করেন ক্যারোলাইন গ্রাহাম হ্যানসেন। এছাড়া গোল পান অ্যালেক্সিয়া পুতেয়াস, আইরিন পারেদেস, ইভা পাজোর ও ইসমি ব্রুগট। প্রথম লেগে ৬-২ ব্যবধানে এগিয়ে থাকা বার্সা দ্বিতীয় লেগে রিয়ালকে কোনো সুযোগই দেয়নি।

প্রায় ৬০ হাজার দর্শকের সামনে একতরফা এই জয়ে বার্সা সমর্থকদের আনন্দ যেন ছিল পূর্ণতা পাওয়ার মতো। ইতিহাসও বলছে একই কথা- দুই দলের ২৫ বারের মুখোমুখিতে ২৪টিতেই জয় বার্সার।

এক সপ্তাহের ব্যবধানে তিনবার মুখোমুখি হয়ে সবগুলো ম্যাচেই জয় তুলে নিয়েছে বার্সা। তিন ম্যাচে গোল করেছে মোট ১৫টি, বিপরীতে হজম করেছে মাত্র ২টি।

এই জয়ের মাধ্যমে টানা অষ্টমবারের মতো নারী চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠল বার্সা। শেষ চারে তাদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ।

ম্যাচটি ছিল পুতেয়াসের জন্য বিশেষ এক উপলক্ষ। নিজের ৫০০তম ম্যাচে খেলতে নেমে তিনি ক্লাবের হয়ে ২৩০তম গোলটি করেন। একই সঙ্গে নারী চ্যাম্পিয়ন্স লিগে ৩০ গোল করে প্রথম স্প্যানিশ ফুটবলার হিসেবেও গড়েন নতুন রেকর্ড।

বিডি-প্রতিদিন/টিএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews