রাজধানীর কামরাঙ্গীরচরের শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের পাশ থেকে আনুমানিক ২২ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি।
শুক্রবার (১৪ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ নাজিম জানান, রাত ৮টার দিকে কামরাঙ্গীরচর শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের পাশে দিয়ে হেঁটে যাওয়ার সময় অচেতন অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় লোকজনদের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগের নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।
তিনি আরো জানান, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। নিহতের যুবকের শরীরে কালো জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে কে বা কারা তাকে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে যায়। ময়নাতদন্তের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেয়া হয়েছে।
প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে বলে জানান তিনি।