আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটরের জামিনের বিনিময়ে কোটি টাকা চাওয়ার ঘটনাটি মোটেও হালকাভাবে নিচ্ছেন না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এর তথ্যানুসন্ধানে গঠিত কমিটির প্রথম বৈঠকের পর তিনি বলেছেন, প্রমাণ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেবেন তাঁরা।
‘জামিনের জন্য এক কোটি টাকা চান প্রসিকিউটর’ শিরোনামে গতকাল মঙ্গলবার প্রথম আলো ও নেত্র নিউজের যৌথ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর তা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি করে। আরও কয়েকটি সংবাদমাধ্যমও এ বিষয়ে খবর প্রকাশ করে। এরপর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি ‘ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি’ গঠন করা হয়।
আজ বুধবার দুপুরে চিফ প্রসিকিউটর কার্যালয়ে ‘ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি’র চার সদস্য বৈঠক করেন। বৈঠক শেষে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে আসেন।